রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

২০ টাকার জল ৫০ টাকায় বিক্রি, Coca-Cola ও এক সিনেমা হলকে জরিমানা আদালতের

Published on: October 9, 2026
---Advertisement---

সিনেমা হলে বাইরে থেকে জলের বোতল নিয়ে ঢুকতে বাধা এবং ভিতরে কিনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে জল। এই অভিযোগে Cinepolis সিনেমা হল এবং Coca-Cola কোম্পানিকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করল পাটনার ক্রেতা সুরক্ষা আদালত। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে টাকা জমা না দিলে মোট জরিমানার উপর সুদ দিতে হবে বলেও জানিয়েছে আদালত। (Cinepolis Coca-Cola Fine)

২০১৬ সালের ঘটনায় মামলা

ঘটনার সূত্রপাত ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর। ওই দিন পাটনার Cinepolis সিনেমা হলে ‘পিঙ্ক’ ছবি দেখতে গিয়েছিলেন রজত তিওয়ারি। অভিযোগ, সিনেমা হলে ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা তাঁকে নিজের জলের বোতল ভিতরে নিয়ে যেতে বাধা দেন। ফলে বাধ্য হয়ে হলের ভিতর থেকেই কিনতে হয় জলের বোতল। Kinley ব্র্যান্ডের ওই বোতলের জন্য তাঁকে দিতে হয় ৫০ টাকা। অথচ বাইরে ওই বোতলের সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্য ছিল ২০ টাকা। এরপরই ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ দায়ের করেন রজত। তাঁর অভিযোগ ছিল, বাইরে থেকে জল নিয়ে যেতে না দিয়ে বেশি দামে জল কিনতে বাধ্য করা হয়েছে তাঁকে। এই ঘটনায় মানসিক হয়রানির ক্ষতিপূরণ এবং মামলার খরচও দাবি করেন তিনি। (Cinepolis Coca-Cola Fine)

দুই সংস্থাকেই দায়ী করল আদালত

মামলার শুনানিতে Cinepolis কর্তৃপক্ষের দাবি ছিল, পণ্যের দাম নির্ধারণে তাদের কোনও ভূমিকা নেই। অন্যদিকে, Coca-Cola কর্তৃপক্ষের বক্তব্য ছিল, জলের বোতলের দাম নির্ধারণে পরিমাপ সংক্রান্ত নিয়ম মানা হয়েছে। তবে দুই সংস্থার যুক্তি খারিজ করে দেয় আদালত। কমিশনের সভাপতি প্রেমরঞ্জন মিশ্র এবং সদস্য রাজনীশ কুমার জানান, বাইরে থেকে জল নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া এবং একই পণ্যের জন্য আলাদা দাম নেওয়ার ঘটনায় দুই সংস্থারই দায় রয়েছে।

ক্ষতিপূরণ ও জরিমানার নির্দেশ

আদালতের নির্দেশ অনুযায়ী, রজত তিওয়ারিকে মানসিক হয়রানির জন্য ২৫ হাজার টাকা এবং আইনি খরচ বাবদ ১০ হাজার টাকা দিতে হবে। পাশাপাশি, রাজ্য ক্রেতা কল্যাণ তহবিলে জমা দিতে হবে ৫০ হাজার টাকা। একই সঙ্গে প্যাকেটজাত খাবার ও পানীয় বিক্রেতাদের প্রতিটি পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্য স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দিয়েছে আদালত। একই পণ্যের জন্য ক্রেতাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন দাম নেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। (Cinepolis Coca-Cola Fine)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now