উত্তর-পূর্ব দিল্লির মৌজপুর এলাকায় মিস্টার কিং লঞ্জ এন্ড ক্যাফে তে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার, রাত প্রায় ১০টা ২৮ মিনিট নাগাদ ক্যাফের বাইরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ২৪ বছর বয়সি যুবক ফায়জানকে। তাঁকে দ্রুত GTB হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর পর ক্যাফেটি সিল করে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই খুনটি করা হয়েছে ব্যক্তিগত শত্রুতার জন্যই। কিন্তু ঘটনার কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ইনস্টাগ্রাম ভিডিয়ো, যেখানে এক যুবক নিজেকে খুনি বলে স্বীকার করে। ভিডিয়োতে সে জানায়, চার মাস আগে ফায়জান তাকে মারধর করেছিলেন, তারই প্রতিশোধ নিতে সে এই কাজ করেছে। অভিযুক্ত দাবি করেছে, ঘটনার সঙ্গে তার পরিবার বা আর্থিক লেনদেনের কোনও সম্পর্ক নেই। Delhi Cafe Murder
তবে নিহতের ভাই সালমান পুলিশের কাছে অভিযোগ করেছেন, ফায়জান ও অভিযুক্তের পরিবারের মধ্যে ঋণ সংক্রান্ত বিবাদ চলছিল। তাঁর দাবি, ফায়জানের মাথা ও বুকে গুলি লাগে এবং শরীরে ছুরির আঘাতের চিহ্নও ছিল।
এই ঘটনায় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা ও অস্ত্র আইনে ধারা ১০৩(১) এর অধীনে মামলা রুজু করেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং তদন্ত জারি রয়েছে। কিন্তু এই ঠান্ডা মাথার খুন এবং তারপর সোশ্যাল মিডিয়ায় তার স্বীকারোক্তির মতো চাঞ্চল্যকর ঘটনায় হতবাক নেটপাড়া। Delhi Cafe Murder










