ট্রেনে যাতায়াত করেন? তা হলে মোবাইল চার্জিং নিয়ে রেলের এই নির্দেশ জেনে রাখা জরুরি। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নির্দেশ আরও কঠোরভাবে কার্যকর করতে বলেছে রেল বোর্ড। সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের একটি ট্রেনে চার্জে বসানো পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণের ঘটনার পর ফের এই নিয়ম পালনে জোর দেওয়া হয়েছে।রেলের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ে চার্জিং পয়েন্ট বন্ধ রাখার দায়িত্ব সংশ্লিষ্ট রেলকর্মীদের। এই নিয়ম ঠিকমতো কার্যকর হচ্ছে কি না, তা দেখতে আধিকারিক ও সুপারভাইজারদের আকস্মিক পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। কর্মীদের প্রশিক্ষণ এবং দায়িত্ব নির্দিষ্ট করার উপরেও জোর দিয়েছে রেল বোর্ড। (Train Mobile Charging Ban)
নতুন নিয়ম, নাকি পুরনো নির্দেশ?
রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনে চার্জিং পয়েন্ট বন্ধ রাখার নির্দেশ নতুন নয়। ২০১৪ সালের ১৯ জুনও রেল বোর্ড এই বিষয়ে নির্দেশ জারি করেছিল। ২০২১ সালেও একই নিয়ম কার্যকর করার উপর জোর দেওয়া হয়। অর্থাৎ, এবার নতুন করে নিষেধাজ্ঞা চালুর পরিবর্তে পুরনো নিরাপত্তাবিধি কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। (Train Mobile Charging Ban)
যাত্রীদের জন্য রেলের পরামর্শ
যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, ট্রেনে ওঠার আগেই মোবাইল ও প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্র চার্জ করে নিতে। চার্জিংয়ের সময় কোনও যন্ত্র অস্বাভাবিক গরম হয়ে গেলে বা ধোঁয়া বেরোলে সেটি ব্যবহার বন্ধ করে রেলকর্মীদের জানাতে হবে।
মুম্বই-হাওড়া মেলে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ
শনিবার ভোরে ওড়িশার বান্দামুন্ডা স্টেশনের কাছে ১২৮০৯ নম্বর ডাউন মুম্বই-হাওড়া মেলের বি-৩ এসি কামরায় পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ হয়। ইঞ্জিন থেকে ১৪ নম্বর কামরার ৬ নম্বর বার্থে চার্জে বসানো ছিল এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক। রাতভর চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ওই যাত্রী। ভোর প্রায় ৩টা ৩৮ মিনিটে পাওয়ার ব্যাঙ্কটি বিস্ফোরিত হয়। আগুন ও ধোঁয়ায় কামরার ভিতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর বান্দামুন্ডার কাছে প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেনটি। (Train Mobile Charging Ban)
রেলকর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন
ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হন। রেল সুরক্ষা বাহিনী (RPF) এবং বাণিজ্যিক বিভাগের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৩টা ৫৩ মিনিটে ফের যাত্রা শুরু করে মুম্বই-হাওড়া মেল।











