প্রথমবার আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গলের ডাগ আউটে থাকবেন স্প্যানিশ কোচ আন্তেনিও লোপেজ হাবাস। পয়েন্ট টেবিলে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে থাকলেও ডার্বিতে নতুন ইতিহাস গড়তে মরিয়া লাল-হলুদ শিবির। তবে ম্যাচের আগে মোহনবাগানকেই ফেভারিট বলে মেনে নিলেন ইস্টবেঙ্গল কোচ। তাঁর মতে, পয়েন্ট টেবিলের অবস্থানের চেয়ে মাঠের ৯০ মিনিটের পারফরম্যান্সই শেষ কথা বলবে। (Antonio Lopez Habas East Bengal Derby)
চোট সমস্যা কাটিয়ে তৈরি ইস্টবেঙ্গল
গত কয়েক দিনে একাধিক ফুটবলারের চোট নিয়ে চিন্তায় ছিল ইস্টবেঙ্গল। তবে ডেভিডকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে হাবাস জানিয়েছেন, ক্রিশ ইকোনোমেডিস ছাড়া দলের বাকি ফুটবলাররা সুস্থ। ফলে জিভুলিচের চোট নিয়েও আর চিন্তা নেই। ডার্বিতে নামার জন্য দল তৈরি বলে জানিয়েছেন তিনি।বর্তমানে সাত পয়েন্ট নিয়ে লিগ টেবলের সাত নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে শীর্ষে মোহনবাগান। হাবাসের কথায়, “এই মুহূর্তে মোহনবাগানই ফেভারিট। কারণ, তারা লিগ টেবলের শীর্ষে রয়েছে। তবে আমরা দুটো ম্যাচ কম খেলেছি। ডিসেম্বরের পর এবং মার্চে বোঝা যাবে কোন দল কোথায় রয়েছে।” (Antonio Lopez Habas East Bengal Derby)
চেন্নাইয়িনের কাছে হারের প্রভাব
চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে পাঁচ গোল হজমের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ইস্টবেঙ্গল। যদিও দলের রক্ষণকে সম্পূর্ণ ব্যর্থ বলতে নারাজ হাবাস। তাঁর দাবি, ওই ম্যাচে পরিস্থিতি ছিল ব্যতিক্রমী। পাঁচ গোল খাওয়ার পাশাপাশি তিনটি গোলও করেছিল দল।এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এবং আইএসএল একসঙ্গে খেলতে হওয়ায় ফুটবলারদের শারীরিক ও মানসিক ক্লান্তিও বাড়ছে। জাতীয় দলের হয়ে খেলে আসা ফুটবলারদের ক্ষেত্রেও এই সমস্যা রয়েছে বলে জানিয়েছেন কোচ।
ডার্বিতে জয়ের চাপ নিতে চান হাবাস
আইএসএল ডার্বিতে এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। সেই পরিসংখ্যান বদলানোই এবার হাবাসের লক্ষ্য। তাঁর কথায়, জয়ের জন্য চাপ থাকা দরকার। তবে সেই চাপের মধ্যে দলের ভারসাম্য বজায় রাখাও জরুরি। ডার্বির গুরুত্ব বোঝাতে গিয়ে নিজের পুরনো অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন স্প্যানিশ কোচ। তবে ডুরান্ড কাপ ফাইনালের সঙ্গে এই ম্যাচের তুলনা করতে চাননি তিনি। তাঁর মতে, ডার্বি জিতলেই মোহনবাগান লিগ জিতবে না। আবার হারলেই ইস্টবেঙ্গল খেতাবি দৌড় থেকে ছিটকে যাবে না।
অন্যদিকে, ডেভিডও জানিয়েছেন ডার্বির চ্যালেঞ্জ নিতে তিনি তৈরি। এডমুণ্ডের অভাব থাকলেও তা পূরণ করার মতো আত্মবিশ্বাস দলের রয়েছে। সব মিলিয়ে চোটের সমস্যা কাটিয়ে মোহনবাগানের বিরুদ্ধে নতুন ইতিহাস লেখার লক্ষ্যেই মাঠে নামতে চলেছে হাবাসের ইস্টবেঙ্গল। (Antonio Lopez Habas East Bengal Derby)













