আপনিও কি রান্না করতে ভালোবাসেন? ভাবছেন এই রান্নাকে কাজে লাগিয়ে যদি একটা আয়ের পথ পাওয়া যেত তাহলে ভালো হতো। তাহলে খুব সহজ উপায়েই খুলে ফেলতে পারেন একটি ক্লাউড কিচেন। আলাদা করে রেস্তোরাঁ খুলতে হয় না, বাড়ির রান্নাঘর থেকেই তৈরি করা যায় সুস্বাদু খাবার। এরপর সেই খাবার পৌঁছে যায় গ্রাহকের বাড়িতে জোম্যাটো বা সুইগি-র মতো অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে। ফলে কম বিনিয়োগে নিজের ব্যবসা শুরু করার সুযোগ তৈরি হয়।
তবে কীভাবে শুরু করবেন এই ক্লাউড কিচেন, কী কী লাগবে এবং জোম্যাটো-সুইগিতে কীভাবে খাবার বিক্রি করবেন? জেনে নিন বিস্তারিত
ক্লাউড কিচেন কী?
বর্তমান সময়ে কম খরচে ব্যবসা শুরু করার কথা ভাবলেই অনেকের মাথায় আসে ক্লাউড কিচেনের নাম। ক্লাউড কিচেন হলো এমন একটি রান্নাঘর, যেখানে শুধুমাত্র অনলাইনে অর্ডার করা খাবার তৈরি হয়। এখানে গ্রাহকদের বসে খাওয়ার ব্যবস্থা থাকে না। খাবার তৈরি করে ডেলিভারি পার্টনারের মাধ্যমে সরাসরি ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। (Cloud Kitchen)
ধাপ ১: কী ধরনের খাবার বিক্রি সেই মেনু ঠিক করুন
ব্যবসা শুরু করার আগে ঠিক করুন আপনি কোন ধরনের খাবার বিক্রি করবেন। যেমন— বাঙালি খাবার, চাইনিজ, ফাস্ট ফুড, কেক ও বেকারি, টিফিন বা স্ন্যাকস আইটেম।
তবে মনে রাখা দরকার শুরুর দিকে কম সংখ্যক পদ রাখাই ভালো। এতে খাবারের মান বজায় রাখতে সুবিধা হয়।
ধাপ ২: রান্নাঘর প্রস্তুত করুন
পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবিধি মেনে রান্নাঘর তৈরি করতে হবে। প্রয়োজনীয় গ্যাস, ফ্রিজ, রান্নার বাসনপত্র, স্টোরেজ ব্যবস্থা এবং পর্যাপ্ত জল ও বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে। (Cloud Kitchen)
ধাপ ৩: প্রয়োজনীয় নথি তৈরি করুন
ব্যবসা যথাযথ নিয়ম মেনে চালাতে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি আপনার হাতের কাছে থাকা প্রয়োজন। কী সেই নথি?
- FSSAI ফুড লাইসেন্স। ব্যবসার ধরন অনুযায়ী ট্রেড লাইসেন্স তৈরি করুন (স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী)।
- প্রয়োজনে GST Registration
- আধার কার্ড ও প্যান কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- ব্যবসার ঠিকানার প্রমাণ
ধাপ ৪: খাবারের দাম ঠিক করুন
খাবার তৈরির খরচ, প্যাকেজিং, ডেলিভারি কমিশন এবং লাভ—সব হিসাব করে দাম নির্ধারণ করুন। এমন দাম রাখুন যাতে ক্রেতার কাছেও গ্রহণযোগ্য হয় এবং আপনারও লাভ থাকে।
ধাপ ৫: ব্র্যান্ডের নাম ও লোগো ঠিক করুন
একটি সহজ ও আকর্ষণীয় নাম বেছে নিন। চাইলে একটি সাধারণ লোগো তৈরি করে খাবারের প্যাকেটেও ব্যবহার করতে পারেন।
এবার হাতের নাগালের বাইরে আইফোন! জিনিসের দাম বিপুল বাড়াল অ্যাপল
ধাপ ৬: ভালো প্যাকেজিং নিশ্চিত করুন
খাবারের স্বাদ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ প্যাকেজিং। খাবার যাতে গরম থাকে, ছড়িয়ে না পড়ে এবং নিরাপদে গ্রাহকের কাছে পৌঁছয়, সেদিকে নজর দিতে হবে। প্যাকেটের গায়ে নিজের ব্র্যান্ডের নাম ও যোগাযোগের তথ্যও দিতে পারেন।
জোম্যাটো ও সুইগিতে কীভাবে বিক্রি করবেন?
ক্লাউড কিচেন শুরু করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে যুক্ত হওয়া।
প্রথমে Zomato বা Swiggy-তে রেস্তোরাঁ পার্টনার হিসেবে আবেদন করতে হবে। আবেদন করার সময় সাধারণত ব্যবসার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাঙ্কের তথ্য, FSSAI লাইসেন্সসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হয়।
যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনার কিচেন প্ল্যাটফর্মে যুক্ত হবে। এরপর খাবারের তালিকা, দাম, ছবি এবং অন্যান্য তথ্য আপলোড করতে পারবেন। গ্রাহক অর্ডার করলে খাবার তৈরি করে প্যাকেট করতে হবে। তারপর ডেলিভারি পার্টনার এসে সেই খাবার গ্রাহকের বাড়িতে পৌঁছে দেবেন।
ব্যবসা বাড়ানোর কয়েকটি সহজ উপায়
- সবসময় ভালো মানের খাবার পরিবেশন করুন।
- সময়মতো অর্ডার প্রস্তুত রাখুন।
- গ্রাহকদের ভালো রিভিউ পাওয়ার চেষ্টা করুন।
- নতুন নতুন অফার চালু করতে পারেন।
- সোশ্যাল মিডিয়ায় নিজের কিচেনের প্রচার করুন।
- পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মানের সঙ্গে কখনও আপস করবেন না।
কত টাকা দিয়ে শুরু করা যায় ক্লাউড কিচেন?
ক্লাউড কিচেন শুরু করতে কত টাকা লাগবে, তা নির্ভর করে ব্যবসার আকারের উপর। যদি বাড়ির রান্নাঘর থেকেই শুরু করেন, তাহলে তুলনামূলক কম খরচে শুরু করা সম্ভব। তবে রান্নার সরঞ্জাম, লাইসেন্স, প্যাকেজিং, কাঁচামাল এবং প্রাথমিক প্রচারের জন্য কিছু মূলধন হাতে রাখা উচিত। (Cloud Kitchen)
বর্তমানে মানুষের কর্মব্যস্ত জীবনে অনেকেই রান্না করে খাবার খাওয়ার সময় পান না। কিন্তু বাড়ির খাবার সকলেই খেতে ভালোবাসেন। আর তাই দিন দিন বাড়ছে এই ক্লাউড কিচেনের চাহিদা। সম্প্রতি বাজেট পেশের সময়ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহিলাদের বাড়ি থেকে ক্লাউড কিচেন চালানোর ব্যবসাকে বিশেষ উৎসাহ দিয়েছেন। তাই যারা কম পুঁজিতে নিজের ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

