Site icon Hindustan News Point

অ্যাকশনে আলিয়ার নতুন চমক, প্রকাশ্যে YRF-এর ‘আলফা’ টিজার

Alia Bhatt

যশ রাজ ফিল্মসের (YRF) বহু প্রতীক্ষিত স্পাই-অ্যাকশন ছবি ‘আলফা’-র টিজার অবশেষে প্রকাশ্যে এল মঙ্গলবার। এই ছবির মাধ্যমে প্রথমবার YRF স্পাই ইউনিভার্সে সম্পূর্ণ নারী-কেন্দ্রিক গল্পের কেন্দ্রে দেখা যাবে আলিয়া ভাটকে। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শারভারি ওয়াঘ, ববি দেওল এবং অনিল কাপুর। ছবিটি পরিচালনা করেছেন শিব রাওয়েল, প্রযোজনায় আদিত্য চোপড়া। (Alia Bhatt)

প্রকাশিত টিজারে আলিয়াকে একেবারে অন্য মেজাজে দেখা গিয়েছে। ছোটবেলা থেকেই বিশেষ প্রশিক্ষণে গড়ে ওঠা এক ভয়ঙ্কর কিলারের চরিত্রে অভিনয় করছেন তিনি। টিজারের শুরুতে দেখা যায়, ১৮তম জন্মদিনে একটি বিশেষ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হলেও সেটিই তাঁর জীবনের প্রথম গোপন মিশনের সূচনা। ধীরে ধীরে এক সাধারণ মেয়ে থেকে ভয়ঙ্কর দক্ষ অপারেটিভে পরিণত হওয়ার গল্পই তুলে ধরা হয়েছে টিজারের বিভিন্ন দৃশ্যে। (Alia Bhatt)

টিজারে ববি দেওলকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। ছবিতে তিনি আলিয়ার জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত এক রহস্যময় ব্যক্তির ভূমিকায় রয়েছেন বলে ইঙ্গিত মিলেছে। যদিও শারভারি ওয়াঘের উপস্থিতি খুবই সীমিত থাকায় সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দুই প্রধান অভিনেত্রীর একজন হয়েও কেন টিজারে তাঁকে প্রায় দেখানো হয়নি। অন্যদিকে আলিয়ার অ্যাকশন অবতার এবং সংলাপ বলার ধরণ নিয়ে দর্শকদের একাংশ প্রশংসা করলেও অন্য অংশের প্রতিক্রিয়া মিশ্র।

আলফা’কে YRF স্পাই ইউনিভার্সের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। ‘পাঠান’, ‘ওয়ার’ এবং ‘টাইগার’ সিরিজের পর এবার নারী গুপ্তচরকে কেন্দ্র করে গল্প বলার চেষ্টা করেছে প্রযোজনা সংস্থা। ছবিটি আগামী ১০ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই টিজার ঘিরে অনুরাগীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। তবে টিজার দেখে চূড়ান্ত রায় না দিয়ে অনেকেই পূর্ণ ট্রেলার এবং ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন। (Alia Bhatt)

আরও পড়ুন :- ফের বড়পর্দায় ‘লগান’, ২৫ বছর পূর্তিতে বিশেষ ট্রেলার প্রকাশ, নস্ট্যালজিয়ায় ভাসছেন দর্শকরা


Exit mobile version