দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বড়পর্দায় মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’। ২৩ জানুয়ারি, শুক্রবার প্রেক্ষাগৃহে আসার সঙ্গে সঙ্গেই দর্শকের ভালোবাসা দেখা গিয়েছে। ‘বর্ডার’ সিনেমা নিয়ে মানুষের আবেগ রয়েছে। এবার তার সিক্যুয়েলেও দেখা গেল সেই ছবি। দেশ, বন্ধুত্ব ও আত্মত্যাগের গল্পকে কেন্দ্র করে তৈরি এই ছবিটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করতে শুরু করল। Border 2
ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ সিং। প্রযোজনায় রয়েছেন জে পি দত্ত, ভূষণ কুমার এবং নিধি দত্ত। প্রযোজনা সংস্থা হিসেবে রয়েছে জে পি ফিল্মস ও টি-সিরিজ। ১৯৯৭ তে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’ ছবির আবেগকে ধরে রেখেই নতুন প্রজন্মের দর্শকের কথা মাথায় রেখে এই সিক্যুয়েল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
কাহিনির কেন্দ্রে রয়েছে সীমান্তে কর্মরত ভারতীয় সেনাদের জীবনসংগ্রাম। যুদ্ধের রোমাঞ্চের পাশাপাশি ছবিতে তুলে ধরা হয়েছে সৈনিকদের পারস্পরিক বন্ধন, পরিবার থেকে দূরে থাকার বেদনা এবং দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা। আবেগ ও দেশপ্রেমের মেলবন্ধনেই এগিয়েছে গল্প, যা দর্শকের মনে আলাদা প্রভাব ফেলছে।অভিনয়ের দিক থেকে সানি দেওল তাঁর পরিচিত দেশপ্রেমী ইমেজেই ধরা দিয়েছেন। পাশাপাশি রয়েছে বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জ-এর মতো শক্তিশালী কাস্টিং। এছাড়া সংলাপ, দেশাত্মবোধক আবহ এবং যুদ্ধের দৃশ্য মিলিয়ে ছবির উপস্থাপনা যথেষ্ট জাঁকজমকপূর্ণ। একাধিক দৃশ্যে প্রেক্ষাগৃহে দর্শকের হাততালিও চোখে পড়েছে। ছবিতে রয়েছেন আহান শেট্টি যাঁকে দেখে দর্শকদের মনে পড়ে যাচ্ছে সুনীল শেট্টির কথা। Border 2
বক্স অফিস সূত্র অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই প্রায় ৩০ কোটি টাকা আয় করেছে ‘বর্ডার ২’। এই আয়ের মাধ্যমে একই দিনে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’ এর প্রথম দিনের আয়কেও ছাপিয়ে গিয়েছে ছবিটি। বিশেষজ্ঞদের মতে, দেশপ্রেমমূলক ছবি হওয়ায় সপ্তাহান্তে এবং পরবর্তী দিনগুলিতে আয়ের গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
সব মিলিয়ে বলা যায়, শক্তিশালী আবেগ, পরিচিত দেশপ্রেম এবং বড় মাপের উপস্থাপনার জোরেই ‘বর্ডার ২’ মুক্তির শুরুতেই দর্শক ও বক্স অফিস দুদিকেই নজর কেড়েছে। এখন দেখার, এই সাফল্যের ধারা আগামী দিনগুলোতেও কতটা বজায় রাখতে পারে ছবিটি।










