যুদ্ধবিধ্বস্ত ইরানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে যখন একের পর এক প্রতিক্রিয়া সামনে আসছে, সর্বোচ্চ নেতা আলি খামেনেই–এর মৃত্যুর খবর নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়েই নিজের দেশের মাটির প্রতি টান অনুভব করছেন ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মন্দানা করিমি (Mandana Karimi)। বহু বছর ধরে ভারতে বসবাস করলেও সাম্প্রতিক পরিস্থিতি তাঁর মনে গভীর আলোড়ন তুলেছে।
ইরানের রাজধানী তেহেরানে জন্ম মন্দানার। স্বপ্ন পূরণের আশায় তিনি ভারতে পাড়ি জমান। কর্মজীবনের শুরুটা হয় বিমানসেবিকা হিসেবে। পরে গ্ল্যামার জগতের প্রতি আকর্ষণ তাঁকে নিয়ে আসে মুম্বইয়ে। সেখানেই ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে পরে বলিউডে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ‘Bhaag Johnny’, ‘Main Aur Charles’ এবং ‘Kyaa Kool Hain Hum 3’-এর মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পান।
শুধু বড় পর্দাই নয়, ছোট পর্দাতেও তিনি সমানভাবে নজর কেড়েছেন। হিন্দি রিয়েলিটি শো ‘Bigg Boss 9’-এ তাঁর উপস্থিতি ছিল বেশ আলোচিত। পাশাপাশি কঙ্গনা রানাউত সঞ্চালিত ‘Lock Upp’ অনুষ্ঠানেও প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দানা জানান, ইরানের সাধারণ মানুষ বহু দশক ধরে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন। তাঁর কথায়, অসংখ্য মানুষ প্রিয়জন হারিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেখেছেন এবং দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছেন। ইরানের শাসনব্যবস্থাকে তিনি মধ্যপ্রাচ্যের ‘ক্যানসার’ বলেও মন্তব্য করেন।
খামেনেইয়ের মৃত্যুর খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্দানা (Mandana Karimi) বলেন, কারও মৃত্যু উদযাপন করা উচিৎ নয়। তবে দীর্ঘদিনের দমন-পীড়ন মানুষের আবেগকে বদলে দিয়েছে। তাঁর পরিবার ও বন্ধুদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে তিনি জানান, সেখানে একসঙ্গে ক্ষোভ ও স্বস্তির অনুভূতি কাজ করছে। তাঁদের বিশ্বাস, ইরানের বর্তমান শাসনব্যবস্থা শুধু দেশকেই নয়, গোটা অঞ্চলকেও দুর্বল করে তুলেছে এবং এর প্রভাব সীমান্তের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তাই নিজের দেশের মাটিতে ফেরার ইচ্ছার কথা স্পষ্টভাবেই জানিয়েছেন তেহরানের এই ভূমিকন্যা।











