একসঙ্গে বলিউডের ৩২ জন তারকা। ‘ওম শান্তি ওম’ এর সেটে তখন তারকাদের ভিড়। কিন্তু মিঠুন চক্রবর্তী আসতেই যেন পরিস্থিতি বদলে গেল। তাঁকে দেখতে সেটে শুরু হয়ে গেল হুড়োহুড়ি। কী হচ্ছে, বুঝতেই পারছিলেন না শাহরুখ খান ও পরিচালক ফারহা খান। সম্প্রতি সেই পুরনো দিনের মজার ঘটনা শোনালেন ফারহা। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ‘ওম শান্তি ওম’। ছবির ‘দিওয়ানগি দিওয়ানগি’ গানটি এখনও বেশ জনপ্রিয়। এই গানে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছিল বলিউডের একাধিক বড় তারকাকে। সেই গানের শুটিংয়ের সময়ই ঘটেছিল মিঠুনকে ঘিরে এই ঘটনা। (Mithun Chakraborty)
মিঠুনকে দেখতে ছুটেছিলেন সকলে
সম্প্রতি ফারহা খানের ভ্লগে মিঠুন চক্রবর্তী তাঁর দুই ছেলে মিমো ও নমাশি চক্রবর্তীর সঙ্গে হাজির হয়েছিলেন। সেখানেই ফারহা বলেন, গানটির শুটিংয়ে মোট ৩২ জন অভিনেতা এসেছিলেন। কিন্তু মিঠুন সেটে আসতেই তাঁকে ঘিরে ব্যাপক ভিড় তৈরি হয়। ফারহা জানান, একজন মহিলা ভিড়ের মধ্যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। (Mithun Chakraborty) ঘটনাটি সত্যিই ঘটেছিল। তাই সেটিই পরে গানের একটি দৃশ্যে রাখা হয়। এমনকী একজন লাইটম্যানও নিজের কাজের জায়গা ছেড়ে মিঠুনের সঙ্গে দেখা করতে ছুটে যান। চারদিকে তখন এতটাই হইচই যে শাহরুখ ও ফারহা দুজনেই অবাক হয়ে গিয়েছিলেন।
শাহরুখকে নাচ শেখাচ্ছিলেন মিঠুন
মিঠুন ও শাহরুখের একটি মজার দৃশ্যও ছিল ওই গানে। শুটিংয়ের সময় ফারহা শাহরুখকে মিঠুনের নাচের স্টেপ অনুসরণ করতে বলেছিলেন। কিন্তু শাহরুখ ঠিকমতো স্টেপ ধরতে পারছিলেন না। তখন মিঠুন মজা করে শাহরুখের মাথায় টাপলি দিতে শুরু করেন। সেই মুহূর্তটাই ক্যামেরায় ধরা পড়ে যায়। পরে সেটিই গানের দৃশ্যে রাখা হয়। (Mithun Chakraborty)
‘দিওয়ানগি দিওয়ানগি’-তে মিঠুন ছাড়াও ছিলেন ধর্মেন্দ্র, তব্বু, করিশ্মা কাপুর, জিতেন্দ্র, সঞ্জয় দত্ত, কাজল, রানি মুখোপাধ্যায়, সলমন খান, সইফ আলি খান, প্রিয়াঙ্কা চোপড়া, রেখা ও জুহি চাওলা-সহ মোট ৩২ জন তারকা।










