হাসপাতালে ভর্তি হলেন সলমন খানের বাবা তথা প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan)। বয়স ৯০ পেরিয়েছে। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সকালে অসুস্থতা অনুভব করায় তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতলে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে শুটিং ছেড়ে হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেন।
যদিও পরিবারের তরফে এখনও পর্যন্ত তাঁর অসুস্থতার নির্দিষ্ট কারণ জানানো হয়নি। হাসপাতাল সূত্রেও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে, তিনি শারীরিক অস্বস্তি অনুভব করায় তাঁকে ভর্তি করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুরাগী ও চলচ্চিত্রমহলে।
বাবার অসুস্থতার খবর পেয়ে আর দেরি না করে সলমন হাসপাতালে যান। যদিও সংবাদমাধ্যমে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সিনেমার বাইরে অন্য কারণের জন্য শিরোনামে রয়েছে খান পরিবার। সলমন খান হোক বা ভগ্নিপতি আয়ুষ, তাঁদের হুমকির দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। যার পর নিরাপত্তা বাড়ানো হয় সলমনের। এর মধ্যে পরিবারে ফের নতুন বিপদ।
হিন্দি চলচ্চিত্র জগতে ‘সেলিম-জাভেদ’ জুটির এক সময়ে একের পর এক সুপারহিট ছবি দিয়েছে দেশকে। সেলিমের লেখনীতে তৈরি বহু ক্লাসিক ছবি আজও দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে। সেই কারণেই তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন বহু তারকা ও অনুরাগী। তিনি কেমন আছেন তার জন্য পরিবারের দিকে তাকিয়ে রয়েছেন অনুগামীরা।
আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। সেলিম খানের (Salim Khan) দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অগুনতি ভক্তরা।












