স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ -এর সঞ্চালক সময় রায়নাকে (Samay Raina) ফের কড়া সতর্কবার্তা দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ যথাযথভাবে পালন না করায় মঙ্গলবারের শুনানিতে প্রথমে ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হলেও, সময় রায়নার আইনজীবীর আবেদনের পর তা কমিয়ে ৩ লক্ষ টাকা করা হয়। তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানির আগেও যদি নির্দেশ মানা না হয়, তাহলে জরিমানার অঙ্ক বেড়ে ৩০ লক্ষ টাকায় পৌঁছতে পারে।
শুনানিতে বিচারপতিরা বলেন, আদালতের নির্দেশকে হাল্কাভাবে নেওয়া যায় না। তাঁদের পর্যবেক্ষণ, সময় রায়না (Samay Raina) আদালতের আদেশ অমান্য করেছেন এবং বিষয়টিকে গুরুত্ব দেননি। এমনকি তাঁর পক্ষ থেকে কমপ্লায়েন্স অ্যাফিডেভিট জমা দেওয়ার দাবি করা হলেও আদালতের নথিতে তার কোনও উল্লেখ মেলেনি। প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, দেশের বাইরে থাকলেই আদালতের এক্তিয়ারের বাইরে চলে যাওয়া যায় না।
এই মামলার সূত্রপাত কিউর এসএমএ ইন্ডিয়া ফাউন্ডেশনের আবেদনের ভিত্তিতে। অভিযোগ, সময় রায়না (Samay Raina) স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA)-এর মতো বিরল ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন এমন একটি রোগ নিয়ে অসংবেদনশীল মন্তব্য করেছিলেন এবং এক আক্রান্ত ব্যক্তিকে উপহাস করেছিলেন।
গত বছর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, প্রতি মাসে বিশেষভাবে সক্ষম অথচ অনুপ্রেরণাদায়ী মানুষদের নিয়ে ফান্ডরেইজিং অনুষ্ঠান আয়োজন করবেন সময় রায়না (Samay Raina)। কিন্তু ফাউন্ডেশনের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। যদিও সময়ের আইনজীবী জানান, অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হলেও ফাউন্ডেশনের ঠিকানা না থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। তিনি আদালতকে আশ্বাস দেন, ভবিষ্যতে নির্দেশ সম্পূর্ণভাবে মেনে চলবেন সময় রায়না।
‘ফুনসুখ ওয়াংড়ুকে বাঁচান’, সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে গিয়ে বার্তা ‘3 Idiots’-এর চতুরের
সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট ৩ লক্ষ টাকা জরিমানার নির্দেশ বহাল রাখে এবং স্পষ্ট বার্তা দেয়-জনপ্রিয়তার আড়ালে থেকে আদালতের নির্দেশ বা সমাজের সংবেদনশীল বিষয়কে অবহেলা করা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানির আগে আদালতের নির্দেশ যথাযথভাবে পালন না হলে জরিমানার পরিমাণ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে।
উল্লেখ্য, এর আগেও ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর মঞ্চে অশালীন ভাষা প্রয়োগ এবং কুরুচিকর মন্তব্যের জেরে আইনি জটিলতায় পড়তে হয়েছিল সময় রায়নাকে (Samay Raina)। এবার ফের একবার সেই শো ঘিরেই আদালতের বিতর্ক। আরও একবার আদালতের হুঁশিয়ারী শুনতে হলো সময়কে।

