‘জীবনে হয়তো আর কোনদিন হাঁটতে পারবেন না’- সম্প্রতি একটা ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার অনুরাগ ডোভাল ওরফে UK07 Rider। কিন্তু কেন এমন বললেন তিনি? গাড়ি দুর্ঘটনার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। ICU থেকে বেরিয়ে নিজের সুস্থতার খবরও জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁর সাম্প্রতিক ভিডিয়ো বার্তা ইতিমধ্যে চিন্তায় ফেলেছে তাঁর অনুরাগীদের।
কিছুদিন আগেই অনুরাগ একটি বড় দুর্ঘটনা সম্মুখীন হন। নিজেই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে গাড়ি চালাতে চালাতে পরিবারের তরফে তাঁর উপর চলতে থাকা মানসিক অত্যাচারের কথা বলেন। তিনি এও জানান যে, তাঁর স্ত্রী রীতিকাকে বিয়ে করায় কিছুতেই মেনে নিতে পারেনি পরিবার। সেই ঘটনাকে কেন্দ্র করেই তাঁর উপর চলছিল অত্যাচার। এই সব মেনে না নিতে পেরেই লাইভ চলাকালীনই সেটাকেই তাঁর ‘লাস্ট রাইড’ বলে, নিজেই একটি ডিভাইডারে গিয়ে গাড়িটি নিয়ে ধাক্কা মারেন। এই দুর্ঘটনায় গুরতর আহত হন অনুরাগ।
বেশ কিছুদিন ICU-তে থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন অনুরাগ। সেই বার্তাও তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। তাঁর স্ত্রী এবং ম্যানেজার সূত্রেও ইউটিউবারের সুস্থতার কথা জানানো হয়েছিল।
দুর্ঘটনার পর প্রথম পোস্ট UK07 Rider-এর, কী বার্তা দিলেন ইউটিউবার?
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে তিনি নিজের শারীরিক অবস্থার কথা জানান। সেখানে তিনি জানান, তাঁর একটি পা সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে এবং সেটি নড়াতে পারছেন না। অনুরাগ আরও জানান, তাঁর কোমরের উপরের অংশে অস্ত্রোপচার হয়েছে এবং সেই পায়ে সমস্যা তৈরি হয়েছে বলে মনে করছেন। ফলে ভবিষ্যতে তিনি আর কোনওদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন। ভিডিয়োর ক্যাপশনেও তিনি লিখেছেন, জীবনে আর কখনও হাঁটতে পারবেন কি না তা তিনি জানেন না।
তবে সূত্রের খবর এত বড় দুর্ঘটনার পরও বাড়িতে ফেরেননি অনুরাগ। নিজেকে তিনি এখন অনাথই মনে করেন। বর্তমানে তিনি বন্ধুদের তত্ত্বাবধানে একটি ফার্মহাউসে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। ফিজিওথেরাপিও চলছে, তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ভক্তদের তিনি তাঁর পাশে থাকার জন্য এবং তাঁর সুস্থতা কামনার জন্য অনুরোধ করেছেন।












