বিতর্কিত ভোজশালা–কামাল মাউলা মসজিদ চত্বরে সরস্বতী পুজোর দিনে পুজো ও নমাজ নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Bhojshala Temple Kamal Maula Mosque Dispute)। মধ্যপ্রদেশের ধার জেলার মন্দির ও মসজিদে হিন্দু ও মুসলিম— দুই সম্প্রদায়ের ধর্মীয় আচার শান্তিপূর্ণভাবে পালনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানায়, ২৩ জানুয়ারি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হিন্দুরা সেখানে সরস্বতী পুজো ও হোমযজ্ঞ করতে পারবে, পাশাপাশি দুপুর ১টা থেকে ৩টার মধ্যে মুসলিমরা জুম্মার নমাজ আদায় করবেন।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত স্পষ্ট জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনকে আলাদা প্রবেশ ও প্রস্থান পথ-সহ পৃথক জায়গা নির্ধারণ করতে হবে, যাতে দুই সম্প্রদায়ের আচার পরস্পরের কাজে ব্যাঘাত না ঘটায়।
এদিন হিন্দু সংগঠনের পক্ষে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন দাবি করেন, বসন্ত পঞ্চমীতে দিনভর পুজো চলবে। অন্যদিকে মসজিদ কমিটির পক্ষে সলমন খুরশিদ জানান, জামা নমাজের সময় পরিবর্তন সম্ভব নয়, কারণ তার নির্দিষ্ট সময় আছে। শেষে সমাধানসূত্র বের করে আদালত নির্দেশ দেয়— মুসলিম সমাজ কতজন নমাজে আসবেন, তার তালিকা জেলা প্রশাসনকে আগেই দিতে হবে। সেই অনুযায়ী পাস দিয়ে প্রবেশের ব্যবস্থা করা হবে।
ভোজশালা একাদশ শতকের এএসআই-সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। হিন্দুরা একে দেবী সরস্বতীর মন্দির হিসেবে দেখেন, মুসলিমরা একে কামাল মাউলা মসজিদ বলে মানেন। ২০০৩ সালের চুক্তি অনুযায়ী, মঙ্গলবার পূজা ও শুক্রবার নমাজের নিয়ম চালু রয়েছে।
সুপ্রিম কোর্ট উভয় পক্ষকে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানিয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।









