গণেশ চতুর্থী উপলক্ষে সেজে উঠছে বাণিজ্য নগরী মুম্বই। আর এমনই পরিস্থিতিতে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। শোভাযাত্রা চলাকালীন, ভক্তদের উপরই ভেঙে পড়ল বিশাল গণেশ মূর্তি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, ২ জনের। গুরুতর আহত ৫। তাঁদের মধ্যে রয়েছে ২ শিশুও। দক্ষিণ মুম্বইয়ের ভুলেশ্বর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে (Mumbai)।
Mumbai: কীভাবে ঘটল দুর্ঘটনা?
সূত্রের খবর, শনিবার গভীর রাতে মুম্বাইয়ের ভুলেশ্বর এলাকায় ‘ভুলেশ্বর চা রাজা’-র আগমন শোভাযাত্রার সময় এই বিশালাকার মূর্তিটি গাড়ি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ভক্তদের উপর পড়ে যায়। এই গোটা ঘটনাটি ক্যামেরা বন্দি হয়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়ো। ভিডিয়োটিতে দেখা যায়, মূর্তি প্রতিমাটি পড়ার সঙ্গে সঙ্গে তার নীচে আটকে যান বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করতে ছোটাছুটি শুরু হয়ে যায় (Mumbai)।
বিএমসি (BMC)-র দুর্যোগ ব্যবস্থাপনা সেলের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ভুলেশ্বরের বলরাম মার্চেন্ট রোডের জয় অম্বে চকের কাছে ‘কবুতরখানা’ এলাকায়। ভক্তরা তখন ‘ভুলেশ্বর চা রাজা’-র প্রতিমা নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মূহুর্তে প্রতিমাটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে।
ভিডিয়োটিতে দেখা যায়, প্রতিমাটি পড়ে যাওয়ার পরপরই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রতিমার নীচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা। তাদেরকে টেনে বের করতে হুড়োহুড়ি শুরু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই ফায়ার ব্রিগেড, মুম্বই পুলিশ, ট্রাফিক পুলিশ, পুরসভার কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, মূর্তিটির উচ্চতা ছিল প্রায় ২২ ফুটেরও বেশি। উৎসবের আগে এই দুর্ঘটনা শোভাযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছে।













1 thought on “মুম্বইয়ে শোভাযাত্রায় দুর্ঘটনা! গণপতির বিশাল মূর্তি ভেঙে মৃত্যু ২, আহত ৫”