Site icon Hindustan News Point

দিল্লির বাজারে ‘নতুন সঙ্গী’! ১৪৯ টাকায় শপিংয়ের ভার বইবে প্রশিক্ষিত সহকারী, স্বামীদের স্বস্তির নিঃশ্বাস

Delhi

বাজারে গিয়ে স্বামীদের মুখ গোমড়া, হাতে পাঁচটা ব্যাগ, আর মুখে একটাই সংলাপ — “আর কতক্ষণ?”… এই চিরচেনা দৃশ্য এবার বদলে যেতে পারে! কারণ দিল্লিতে এমন এক পরিষেবা চালু হয়েছে, যেখানে শপিং করতে গেলে আর বন্ধু, ভাই বা বেচারা স্বামীকে টেনে নিয়ে যেতে হবে না। টাকা দিলেই হাজির হবে ‘প্রফেশনাল শপিং সঙ্গী’। ব্যাগ বহন থেকে শুরু করে লাইনে দাঁড়ানো, এমনকি ক্লান্ত হলে চেয়ার খুলে বসানোর দায়িত্বও নেবে সে! আর এই অভিনব পরিষেবাই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু।(Delhi)

দিল্লির এক স্টার্টআপ ‘ক্যারিমেন’ (CarryMen) সম্প্রতি রাজধানীর জনপ্রিয় বাজারগুলিতে এই পরিষেবা চালু করেছে। সংস্থার স্লোগান, “You Shop, We Carry”। অর্থাৎ আপনি শুধু পছন্দমতো কেনাকাটা করুন, বাকিটা সামলাবে সংস্থার প্রশিক্ষিত সহকারীরা। বর্তমানে লাজপত নগর, সরোজিনী নগর ও চাঁদনি চক এলাকায় এই পরিষেবা পাওয়া যাচ্ছে। যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটা করতে যান এবং ভিড়, ব্যাগের ওজন ও দীর্ঘ হাঁটার কারণে অনেকেই সমস্যায় পড়েন। (Delhi)

সংস্থার দাবি, বিশেষ করে মহিলা, প্রবীণ নাগরিক, অন্তঃসত্ত্বা মহিলা কিংবা ছোট সন্তানকে নিয়ে বাজারে যাওয়া পরিবারগুলির কথা ভেবেই এই পরিষেবা শুরু হয়েছে। অনেক সময় বাজারে ঘুরতে গিয়ে ব্যাগের ভারে ক্লান্ত হয়ে পড়েন ক্রেতারা। আবার খাবারের দোকানে লম্বা লাইনে দাঁড়িয়ে সময়ও নষ্ট হয়। সেই সব সমস্যার সমাধান করতেই এই উদ্যোগ।

ক্যারিমেন-এর সহকারীরা শুধু ব্যাগ বহন করেন না, বাজারের মধ্যে পথ দেখানো, দোকান খুঁজে দিতে সাহায্য করা, খাবারের লাইনে দাঁড়ানো, মেট্রো স্টেশন বা পার্কিং পর্যন্ত পৌঁছে দেওয়া, বৃষ্টির সময় ছাতা ধরা, এমনকি ক্লান্ত হয়ে পড়লে, ছোট ভাঁজ করা চেয়ার খুলে বসার ব্যবস্থাও করে দেন। একজন সহকারী সর্বাধিক ১২ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারেন বলেও জানিয়েছে সংস্থা। (Delhi)

দামের দিক থেকেও রাখা হয়েছে একাধিক বিকল্প। ৩০ মিনিটের পরিষেবার জন্য খরচ ৭৯ টাকা। ১ ঘণ্টার জন্য ১৪৯ টাকা। এছাড়াও ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টার প্যাকেজ রয়েছে। অতিরিক্ত খরচে বেবি প্র্যাম, বেবি ক্যারিয়ার, মোবাইল চার্জিং, এন-৯৫ মাস্কের মতো সুবিধাও দেওয়া হচ্ছে। সংস্থার দাবি, ক্রেতাদের শপিং অভিজ্ঞতা আরও আরামদায়ক করাই তাদের লক্ষ্য।

এই পরিষেবার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ মজা করে লিখেছেন, “এবার শপিং মলে স্বামীদের চাকরি গেল!” আবার কেউ বলেছেন, “এটা দারুণ আইডিয়া, বিশেষ করে যাঁরা একা বাজার করতে যান তাঁদের জন্য।” যদিও অনেকে প্রশ্ন তুলেছেন, যাঁরা এই কাজ করছেন তাঁরা কত পারিশ্রমিক পাচ্ছেন এবং তাঁদের কাজের পরিবেশ কেমন। তবুও সব মিলিয়ে দিল্লির এই অভিনব স্টার্টআপ এখন নেটদুনিয়ায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। (Delhi)

জনবহুল এলাকা থেকে পথ কুকুরদের দ্রুত সরাতে হবে, নির্দেশ সুপ্রিমকোর্টের


Exit mobile version