বিপাকে পড়ল কুইক কমার্স সংস্থা Blinkit. নিয়ম ভেঙে বেশি মাপের ছুরি বিক্রির অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। দিল্লি পুলিশ জানিয়েছে, অ্যাপে এমন কিছু ছুরি বিক্রি হচ্ছিল, যেগুলি সরকারি নিয়ম অনুযায়ী নিষিদ্ধ। এই অভিযোগে ১৪ ফেব্রুয়ারি অস্ত্র আইনে সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিয়ম অনুযায়ী ছুরির ব্লেডের দৈর্ঘ্য ৭.৬২ সেন্টিমিটারের বেশি এবং প্রস্থ ১.৭২ সেন্টিমিটারের বেশি হবে না। তা হলে সেটাকে বেআইনি বলে ধরা হবে। দিল্লি পুলিশের পক্ষ থেকে অনলাইন প্ল্যাটফর্মগুলিতে নজরদারির সময় Blinkit অ্যাপে একটি ‘স্ট্যানলি নাইফ’ বিক্রির জন্য পাওয়া যায়।
পুলিশ পণ্যের মাপ যাচাই করতে নিজেরাই ওই ছুরি অর্ডার করে। ডেলিভারির পর ছুরিটি পরীক্ষা করা হয়। পুলিশের দাবি, হাতে ভাঁজ করা যায় এমন ওই ছুরির ব্লেডের দৈর্ঘ্য ছিল ৮ সেন্টিমিটার এবং প্রস্থ ছিল ২.৫ সেন্টিমিটার। যা নিয়মে নির্ধারিত সীমার থেকে বেশি। তাই পুলিশ সেটিকে বেআইনি অস্ত্র হিসেবে ধরে সুয়োমোটো মামলা দায়ের করেছে।
এই বিষয়ে ব্লিঙ্কিটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের দাবি, এখনও ওই ধরনের স্ট্যানলি ছুরি অ্যাপে বিক্রির জন্য পাওয়া যাচ্ছে।
মামলা দায়েরের পর ১৫ ফেব্রুয়ারি দিল্লির একাধিক ব্লিঙ্কিট-সংযুক্ত স্টোরে তল্লাশি চালায় পুলিশ। সেখানে ১৬টি বেআইনি ছুরি উদ্ধার হয়। পরদিন, অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি গুরগাঁওয়ের ফারুখনগরে একটি গুদামে অভিযান চালিয়ে আরও ৩২টি ছুরি বাজেয়াপ্ত করা হয়। সব মিলিয়ে মোট ৫০টি ছুরি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ছুরিগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কারা এগুলি মজুত ও সরবরাহ করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।










