একদিকে আমেরিকার শুল্কের চাপ ও বাণিজ্য যুদ্ধের আবহে কিছুটা স্বস্তিতে ভারত। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই করল ভারত। মঙ্গলবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টার উপস্থিতিতে এই মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমঝোতাকে তিনি আখ্যা দেন ‘মাদার অফ অল ডিলস’ বলে।
চুক্তি সইয়ের পর প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাণিজ্য চুক্তি ভারত ও ইউরোপের লক্ষ লক্ষ মানুষের জন্য এক নতুন সুযোগের দরজা খুলে দিল।’ তাঁর মতে, এই চুক্তির আওতায় আসা লেনদেন বিশ্ব জিডিপির প্রায় ২৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশকে প্রতিনিধিত্ব করবে। দীর্ঘ ১৮ বছর ধরে আলোচনার পর অবশেষে বাস্তবায়িত হল এই বহুল প্রতীক্ষিত সমঝোতা।
সরকারি সূত্রে জানা গিয়েছে, চুক্তিতে মোট ২৪টি অধ্যায় রয়েছে। এর মধ্যে পণ্য, পরিষেবা, বিনিয়োগ, বিনিয়োগ সুরক্ষা এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের মতো বিষয় অন্তর্ভুক্ত। এই চুক্তির ফলে ভারতীয় রপ্তানিতে বড় সুবিধা মিলবে। টেক্সটাইল, রত্ন ও গয়না, চামড়া, জুতো, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং রাসায়নিক পণ্য ইউরোপে কম শুল্কে রপ্তানি করা যাবে। উভয় পক্ষের ৯০ শতাংশের বেশি পণ্যে শুল্ক কমানো বা পুরোপুরি তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
Today marks a historic moment as we open a new chapter in EU-India relations – on trade, security, and people-to-people ties.
— António Costa (@eucopresident) January 27, 2026
Our Summit sends a clear message: in a reshaping global order, the EU and India stand together as strategic, reliable partners. https://t.co/Dvn3yggfHn
অন্যদিকে ইউরোপ থেকে আমদানিকৃত দামি গাড়ির উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমতে পারে। বর্তমানে ১১০ শতাংশ শুল্ক থাকলেও, তা ৪০ শতাংশের কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে। ফলে ভারতের বাজারে মার্সিডিজ়, বিএমডব্লিউ-এর মতো গাড়ি সস্তা হতে পারে। বিদেশি ওয়াইনের দামও কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
কূটনৈতিক মহলের মতে, এই চুক্তি মার্কিন নির্ভরতা কমিয়ে ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য আরও মজবুত করবে। আনুমানিক ২০২৭ সাল থেকে পুরোপুরি কার্যকর হতে পারে ভারত-ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তি।










