ইন্দোরে ফের দূষিত পানীয় জল নিয়ে আতঙ্ক ছড়াল (Indore Water Crisis)। মধ্যপ্রদেশের ভাগীরথপুরায় জলবাহিত রোগে একাধিক মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইন্দোরের মৌ এলাকায় দূষিত জল পান করে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ২২ জন। আক্রান্তদের মধ্যে ন’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। প্রশাসনের আশঙ্কা, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাত থেকে। মৌয়ের পট্টি বাজার ও চান্দের মার্গ এলাকায় একাধিক ব্যক্তি বমি, ডায়রিয়া ও জ্বরের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ ওঠে, পানীয় জল দূষিত হওয়ার কারণেই এই অসুস্থতা। খবর পেয়ে রাতেই হাসপাতালে যান জেলাশাসক শিবম ভার্মা। শুক্রবার সকাল থেকে স্বাস্থ্য দপ্তরের একটি দল এলাকায় মোতায়েন করা হয়েছে। বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়ে নতুন রোগী চিহ্নিত করার পাশাপাশি উপসর্গের মাত্রা অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৌ ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জলের গুণমান পরীক্ষা করছে। বিভিন্ন জায়গা থেকে জল নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আগের ঘটনার অভিজ্ঞতায় সতর্ক প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ইন্দোরের ভাগীরথপুরায় দূষিত জল পান করে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয় বলে সরকারি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, যদিও স্থানীয়দের দাবি, মৃতের সংখ্যা ছিল প্রায় ২৫। ওই ঘটনায় ৫১টি টিউবওয়েলে ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ে। বিষয়টি মধ্যপ্রদেশ হাইকোর্ট পর্যন্ত গড়ায় এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।
নতুন করে মৌ এলাকায় একই ধরনের ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নিয়মিত জল পরীক্ষা ও সরবরাহ ব্যবস্থার নজরদারি আরও কঠোর হওয়া প্রয়োজন। প্রশাসনের আশ্বাস, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে আগামী কয়েক দিন নিবিড় নজরদারি চালানো হবে যাতে আর কোনও বড় বিপর্যয় না ঘটে।









