পঞ্জাবের পাতিয়ালায় রেললাইনে বিস্ফোরণের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে এটিকে ‘লো-ইনটেনসিটি ব্লাস্ট’ বলে মনে করা হলেও তদন্তে নেমে পঞ্জাব পুলিশ জানিয়েছে, এটি আসলে রেললাইনে বিস্ফোরণ ঘটানোর একটি পরিকল্পিত চেষ্টা ছিল। তবে সেই চক্রান্ত সফল হওয়ার আগেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ওই ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তির। (Punjab Railway Track blast)
সোমবার রাত প্রায় ১০টা নাগাদ পাতিয়ালার শম্ভু এলাকার কাছে শম্ভু-অম্বালা রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ওই লাইনটি মূলত পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয়। বিস্ফোরণের জেরে রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। দেহটি ছিন্নভিন্ন অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। (Punjab Railway Track blast)
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন পাতিয়ালার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) বরুণ শর্মা, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল-সহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা। প্রথমে পুলিশ মনে করেছিল এটি কম ক্ষমতার বিস্ফোরণ। কিন্তু পরে তদন্তে জানা যায়, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চলাকালীনই বিস্ফোরক ফেটে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্তের। ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিম কার্ড এবং আরও কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করেছে। ফরেন্সিক বিশেষজ্ঞরাও নমুনা সংগ্রহ করেছেন। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাতিয়ালার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বরুণ শর্মা বলেন, “প্রথমে আমরা এটিকে সাধারণ বিস্ফোরণ বলে মনে করেছিলাম। কিন্তু তদন্তে স্পষ্ট হয়েছে, এটি রেল ট্র্যাক উড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল। ঘটনাস্থল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” (Punjab Railway Track blast)
ঘটনার জেরে সাময়িকভাবে ওই রুটে ট্রেন চলাচলে প্রভাব পড়ে। পরে মেরামতির কাজ শেষ হলে পরিষেবা স্বাভাবিক করা হয়। এই ঘটনায় জিআরপি, আরপিএফ এবং স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে পঞ্জাবের ফতেগড় সাহিবের সিরহিন্দ এলাকাতেও রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ফলে ফের একই ধরনের ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন : Uttar Pradesh: মুখে কেক মাখাতেই রেগে আগুন, জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে নিহত ৩











