দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার জ্বালানি বুঝে ব্যবহার, সোনা কেনা এবং বিদেশ ভ্রমণ স্থগিত রাখার মতো বেশ কিছু পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর এই আবেদনকে “ব্যর্থতার প্রমাণ” আখ্যা দিয়ে সোমবার তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Vs Modi)।
সোমবার সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর বক্তব্য, দেশের অর্থনৈতিক সঙ্কট সামলাতে না পেরে দায়িত্ব সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “গতকাল মোদীজি বললেন, সোনা কিনবেন না, বিদেশে যাবেন না, পেট্রোল কম ব্যবহার করুন, সার কম ব্যবহার করুন, তেলে রান্না কমান, মেট্রোতে উঠুন, বাড়ি থেকে কাজ করুন। এগুলো কোনও পরামর্শ নয়- এগুলো স্পষ্ট ব্যর্থতা।”
রাহুলের দাবি, ১২ বছরের শাসনে দেশের অর্থনৈতিক কাঠামো এতটাই নড়বড়ে হয়েছে যে এখন প্রধানমন্ত্রী জনগণকে বলে দিচ্ছেন, কী কিনতে হবে, কোথায় যেতে হবে, কীভাবে চলতে হবে। তাঁর অভিযোগ, “দায়িত্ব নেওয়ার বদলে সরকার উল্টে মানুষের ওপরই দায় চাপাচ্ছে। দেশ চালানোর ক্ষমতা একজন ‘আপোষকারী’ প্রধানমন্ত্রীর হাতে নেই।”
রবিবার হায়দরাবাদে একটি সরকারি সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের মানুষকে কয়েকটি অর্থনৈতিক ত্যাগ স্বীকারের পরামর্শ দেন। তিনি পশ্চিম এশিয়ার চলমান সংঘাত এবং ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর এর চাপের প্রসঙ্গ উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নাগরিকদের পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো, মেট্রো পরিষেবা ব্যবহার, কারপুলিং, ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকে পড়া এবং সম্ভব হলে বাড়ি থেকে কাজ করার কথা বলেন।
মোদীর ‘অর্থনৈতিক সংযম’ বার্তার পর রাহুলের কড়া প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক চাপ ও নির্বাচনী আবহে দুই শীর্ষ নেতার এই বাকযুদ্ধ আগামী কয়েকদিন আরও তীব্র হবে।













1 thought on “Rahul Vs Modi: “সরকারের ব্যর্থতার প্রমাণ”, মোদীর সংযমী-বার্তায় তোপ রাহুল গান্ধীর”