ব্যাঙ্কের আর এটিএম-থেকে টাকা তুলতে গিয়ে যদি সামনে ভেসে ওঠে “হেয়ার কাটিং ১০০ টাকা”। পাশেই চলতে থাকে দাড়ি ট্রিমিং। তাহলে চোখ কপালে ওঠাই স্বাভাবিক! বিহারের সমস্তিপুরে ঠিক এমনই এক দৃশ্য ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) একটি এটিএম বুথ যেন ‘মিনি সেলুনে’ বদলে গিয়েছে। ভাইরাল ভিডিয়ো দেখে হাসির রোল উঠলেও, ঘটনাকে ঘিরে শুরু হয়েছে গুরুতর প্রশ্নও। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান নিউজ পয়েন্ট। (SBI ATM)
ঘটনাটি বিহারের সমস্তিপুর জেলার বলে জানা গিয়েছে। ভাইরাল ক্লিপে দেখা যায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর একটি এটিএম বুথের ভিতরে বসানো হয়েছে সেলুনের চেয়ার। সামনে আয়না, পাশে বিভিন্ন সরঞ্জাম। বুথের ভিতরেই এক গ্রাহকের চুল কাটছেন এক ক্ষৌরকার। আশপাশে কয়েকজন দাঁড়িয়েও রয়েছেন। গোটা ঘটনাই কেউ মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপর থেকেই মুহূর্তে ভাইরাল হয় ভিডিয়োটি। (SBI ATM)
ভিডিও সামনে আসতেই নেটদুনিয়ায় মজার মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ লেখেন, “SBI এখন ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার!” আবার কেউ কটাক্ষ করে বলেন, “টাকা তুলুন, সঙ্গে স্টাইলও পাল্টান!” অনেকে আবার ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন। তাঁদের বক্তব্য, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম বুথে যদি এভাবে বাইরের লোক ঢুকে ব্যবসা চালাতে পারেন, তাহলে নিরাপত্তা কোথায়?
ঘটনার নেপথ্যের তথ্য সামনে আসতেই চিত্র কিছুটা স্পষ্ট হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এটিএম বুথটি বেশ কিছুদিন ধরেই বন্ধ অবস্থায় পড়ে ছিল। সেখানে কোনও ব্যাঙ্কিং পরিষেবা চালু ছিল না। এটিএম মেশিনও অকেজো অবস্থায় ছিল বলে দাবি স্থানীয়দের। সেই কারণেই এলাকার এক ব্যক্তি অস্থায়ীভাবে জায়গাটি ব্যবহার করে সেলুনের কাজ শুরু করেন। (SBI ATM)
যদিও ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে SBI কর্তৃপক্ষ। ব্যাঙ্ক সূত্রে খবর, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এটিএম বুথটি কেন দীর্ঘদিন বন্ধ ছিল, সেখানে কীভাবে বাইরের ব্যক্তি প্রবেশ করে ব্যবসা চালাচ্ছিলেন এবং নিরাপত্তা রক্ষীরা কী করছিলেন— সব দিকই তদন্ত করে দেখা হবে।
এই ঘটনার পর থেকেই প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে বুথটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলেও কেউ নজর দেয়নি। আর সেই সুযোগেই এটিএম বুথ কার্যত ‘মিনি সেলুনে’ পরিণত হয়। (SBI ATM)
যদিও গোটা ঘটনায় মজার রেশ রয়েছে, তবু নিরাপত্তা এবং পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে চিন্তা বাড়িয়েছে এই ভাইরাল ভিডিয়ো। কারণ অনেকেরই প্রশ্ন, আজ সেলুন, কাল যদি অন্য কোনও বেআইনি কাজ শুরু হয়, তার দায় নেবে কে?
ট্র্যাক্টর নিয়ে ক্রিকেট পিচে হামলা! মহারাষ্ট্রে ‘সম্মান না পাওয়া’র রাগে চাষ হয়ে গেল পিচ

