উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার খুরজা এলাকায় শনিবার রাতে এক জন্মদিনের অনুষ্ঠান ভয়াবহ রক্তাক্ত ঘটনায় পরিণত হয়েছে। জন্মদিনের কেক মুখে মাখানোকে কেন্দ্র করে সামান্য বচসা থেকে গুলিবর্ষণে একই পরিবারের তিন যুবক প্রাণ হারিয়েছেন। (Uttar Pradesh)
ঘটনাটি ঘটেছে খুরজা নগরের সুভাষ রোডে অবস্থিত আরজেএস ফিটনেস নামে একটি জিমে। জিতেন্দ্র কুমারের জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষ্যে তিনি কয়েকজন অতিথিকে ডাকেন। আর সেই পার্টিতে তাঁর মুখে কেক মাখিয়ে দেন তাঁর বন্ধুরা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন জিতেন্দ্র। এটা নিয়ে রাত ১১টার দিকে অমরদীপ সাইনির সঙ্গে তাঁর তুমুল বচসা বাধে। এর পর ক্ষুব্ধ জিতেন্দ্র জিম থেকে বেরিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ফিরে আসেন এবং অতিথিদের উপর গুলি চালান।
নিহতরা হলেন অমরদীপ সাইনি (বয়স ৩২), তাঁর ভাই মনীশ সাইনি (বয়স ৩০) এবং ভাইপো আকাশ সাইনি (বয়স ১৯)। আমরদীপ ও মনীশ দু’জনেই চাষের কাজ করতেন। আকাশ চাকরির খোঁজে ছিলেন। আমরদীপ স্থানীয় কাউন্সিলরের খুড়তুতো ভাই। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। মনীশের একটি দুই বছরের কন্যা রয়েছে। তিন যুবকই মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অমরদীপ ও মনীশকে কাছ থেকে গুলি করা হয়, আর পালাতে গিয়ে আকাশকে তাড়া করে গুলি করা হয়।(Uttar Pradesh)
পুলিশ জানিয়েছে, জিতেন্দ্র কুমার ও তাঁর সহযোগীরা ঘটনার পর CCTV-র ডিভিআর খুলে নিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলে মদের বোতল ও বিয়ারের ক্যান পাওয়া উদ্ধার হয়েছে। বুলন্দশহরের এসপি অন্তরীক্ষ জৈন জানান, “অমরদীপ ও মনীশকে কাছ থেকে গুলি করা হয়েছে। আকাশ পালানোর চেষ্টা করলে তাঁকে তাড়া করে গুলি করা হয়।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অন্যান্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।(Uttar Pradesh)
এ ঘটনায় মোট ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। হত্যা সংক্রান্ত ধারায় মামলা রুজু হয়েছে। জিমের মালিক রূপেশ কুমারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনও ফেরার। পুলিশের একাধিক টিম তাঁকে ধরতে তল্লাশি চালাচ্ছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বচসার পর জিতু ও তাঁর লোকজন অস্ত্র নিয়ে ফিরে এসে গুলি চালায়। তাঁদের অভিযোগ, এটি পূর্বপরিকল্পিত ছিল। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক সাধারণ জন্মদিনের আনন্দ অনুষ্ঠান কীভাবে তিনটি তাজা প্রাণ কেড়ে নিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমেছে। পুলিশ তদন্ত চালিয়ে পুরো ঘটনার সঠিক কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।
আরও পড়ুন : Fine For Abusive Language: গালি দিলেই ৫০০ টাকা জরিমানা! মধ্যপ্রদেশের গ্রামে ‘ভদ্রতা আইন’-এ চমক












