Site icon Hindustan News Point

একমুঠো ছোলা আর একটু গুড়ই সুস্থ থাকার চাবিকাঠি, জানেন এই খবরের গুণাগুণ?

Health Tips

শরীর ভালো রাখতে সব সময় দামি খাবারের প্রয়োজন হয় না। আমাদের রান্নাঘরে থাকা সাধারণ দুটি খাবার – গুড় ও ভাজা ছোলা একসঙ্গে খেলেই মিলতে পারে একাধিক উপকারিতা। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন পরিমিত পরিমাণে একমুঠো ভাজা ছোলা ও সামান্য গুড় খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে। তবে এটি কোনও রোগের ওষুধ নয়, বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসেরই একটি অংশ। (Health Tips)

গুড় ও ছোলা থেকে কী কী উপকার মিলবে?

হার্ট ভালো রাখতে সাহায্য করে

গুড়ে রয়েছে পটাশিয়াম ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, আর আয়রন হিমোগ্লোবিন তৈরিতে ভূমিকা রাখে। অন্যদিকে ছোলায় থাকা প্রোটিন, ফাইবার ও ম্যাগনেশিয়াম হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।

হজমের সমস্যা কমাতে উপকারী

গুড় ও ছোলা- দুটিতেই ফাইবার থাকে। তাই নিয়মিত পরিমিত পরিমাণে খেলে হজমশক্তি উন্নত হতে পারে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমতে পারে এবং পাচনযন্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।

শরীরে শক্তি জোগায়

যাঁরা সারাদিন কাজের ব্যস্ততায় থাকেন বা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের জন্য গুড়-ছোলা একটি স্বাস্থ্যকর স্ন্যাকস হতে পারে। গুড়ের প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি দেয়, আর ছোলার প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

পেশি মজবুত রাখতেও সাহায্য করে

ছোলা উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস। নিয়মিত খেলে পেশি গঠন ও জোর বাড়াতে সাহায্য করতে পারে। গুড়ে থাকা পটাশিয়াম পেশিতে টান ধরার ঝুঁকিও কিছুটা কমাতে সহায়ক হতে পারে। (Health Tips)

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক

বিশেষজ্ঞদের মতে, গুড়ে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা পেতে সাহায্য করে। পাশাপাশি স্মৃতিশক্তি ও মনোযোগ ধরে রাখতেও এর ভূমিকা থাকতে পারে।

হাড় ও দাঁতের জন্যও উপকারী

গুড় ও ছোলা- দুটিতেই ফসফরাসসহ একাধিক খনিজ রয়েছে, যা হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

দুপুরে ভাত খেলেই ঘুম পায়? মেনুতে রাখুন এই ৭ টি হাই-প্রোটিন মিল

খাওয়ার সময় কী মাথায় রাখবেন?

তবে মনে রাখবেন গুড় ও ছোলা পুষ্টিকর খাবার হলেও এটি কোনও রোগের চিকিৎসার বিকল্প নয়। সুষম খাদ্য, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গেই এই খাবার খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।


Exit mobile version