Site icon Hindustan News Point

শুধু গ্রিন টি নয়, পেটের মেদ কমান রান্নাঘরের সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে

Health Tips

ওজন কমানোর কথা মাথায় একই অনেকেই মনে করেন নিয়মিত গ্রিন টি খেলেই পেটের মেদ দ্রুত কমে যাবে। কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। শুধু একটি পানীয় দিয়ে ওজন বা পেটের অতিরিক্ত মেদ কমানো সম্ভব নয়। এমনটাই জানিয়েছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা। তাঁর কথায়, স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে হলে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং সঠিক খাবার বেছে নেওয়ার কোনও বিকল্প নেই। (Health Tips)

লভনীত বাত্রার মতে, গ্রিন টি উপকারী হলেও সেটিই একমাত্র সমাধান নয়। বরং আমাদের রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ রান্নার উপাদান মেটাবলিজম বাড়াতে, হজমশক্তি উন্নত করতে এবং পেটের মেদ কমানোর প্রক্রিয়ায় সাহায্য করতে পারে।

কী সেই উপাদান?

১. জিরে

জিরে শরীরের হজমশক্তি উন্নত করতে সাহায্য করতে পারে, যা পেটের মেদ কমানোর ক্ষেত্রে সহায়ক। এক চা-চামচ জিরে রাতে জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই জল পান করা যেতে পারে। চাইলে পাঁচ মিনিট ফুটিয়ে হালকা গরম অবস্থায়ও খাওয়া যায়।

২. মেথি

মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এক চা-চামচ মেথি রাতে ভিজিয়ে রেখে সকালে সেই জল পান করার পাশাপাশি ভেজানো দানাগুলিও চিবিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ।

৩. জোয়ান

খাওয়ার পর সামান্য জোয়ান চিবিয়ে খাওয়া বা জোয়ান ফুটিয়ে সেই গরম জল পান করলে পেট ফাঁপার সমস্যা দ্রুত কমতে পারে এবং হজমেও সুবিধা হয়। (Health Tips)

৪. দারুচিনি

দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রতিদিন আধ চা-চামচ দারুচিনি গুঁড়ো গরম জল, চা বা ওটসের মতো খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।

ওজন কমাতে চান? তেলেভাজা নয়, বেছে নিন রোস্টেড স্ন্যাকস

৫. হলুদ

হলুদে থাকা উপাদান শরীরের সমস্ত ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া হজমশক্তিও বাড়ায়। লভনীত বাত্রার পরামর্শ, সকালে গরম জলের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে তার সঙ্গে এক চিমটে গোলমরিচ ও অল্প ঘি যোগ করে খেলে শরীর হলুদের উপকারী উপাদান আরও ভালোভাবে শোষণ করতে পারে।

৬. মৌরি

মৌরি হজমশক্তি বাড়াতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। খাওয়ার পর এক চা-চামচ মৌরি চিবিয়ে খাওয়া বা সারাদিনে মৌরি ভেজানো জল পান করা উপকারী হতে পারে।

৭. ত্রিফলা

ত্রিফলা লিভারের সুস্থতা বজায় রাখতে এবং শরীরে চর্বির পরিমাণ কমাতে সহায়তা করতে পারে। শুরুতে আধ চা-চামচ ত্রিফলা গুঁড়ো গরম জলের সঙ্গে রাতে ঘুমোনোর আগে খেতে পারেন। পরে ধীরে ধীরে এর পরিমাণ বাড়ানো যেতে পারে। (Health Tips)

তবে পুষ্টিবিদ স্পষ্ট করে জানিয়েছেন, এই উপাদানগুলি রাতারাতি ম্যাজিক করতে পারবে না। আর শুধু এগুলি খেলেই পেটের মেদ কমে যাবে, এমনটা ভাবা ঠিক নয়। দীর্ঘমেয়াদী ফল পেতে হলে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রাকৃতিক উপাদানগুলি সেই প্রক্রিয়াকে আরও কার্যকর করে তুলতে সহায়তা করতে পারে মাত্র।


Exit mobile version