ওজন কমানোর চেষ্টা করছেন অথচ মাঝেমধ্যেই কিছু খেতে ইচ্ছে করছে? এই সমস্যায় অনেকেই পড়েন। বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর ক্ষেত্রে শুধু ব্রেকফাস্ট বা লাঞ্চ নয়, দিনের অন্য সময়ে কী ধরনের স্ন্যাকস খাওয়া হচ্ছে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলে ভাজা চিপস, প্যাকেটজাত নোনতা খাবার বা মিষ্টির বদলে রোস্টেড বা শুকনো খোলায় ভেজে তৈরি স্ন্যাকস বেছে নিলে অতিরিক্ত ক্যালোরি এড়ানো যায়। একই সঙ্গে শরীর পায় প্রয়োজনীয় প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।
১) রোস্টেড মাখানা
মাখানা কম ক্যালোরিযুক্ত একটি জনপ্রিয় স্বাস্থ্যকর স্ন্যাকস। এতে রয়েছে পর্যাপ্ত ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। রোস্ট করে সামান্য মশলা দিয়ে খেলে এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং বারবার খাওয়ার ইচ্ছা কমায়। সন্ধ্যার হালকা খিদে মেটানোর জন্য এটি একটি ভালো বিকল্প। তবে পরিমাণ বুঝে খাওয়াই ভালো, কারণ এতে কার্বোহাইড্রেটও থাকে। (Healthy Snacks)
২) রোস্টেড ছোলা
রোস্টেড ছোলা প্রোটিন ও ফাইবারের দারুণ উৎস। এটি খিদে নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দীর্ঘ সময় শক্তি জোগায়। দুটি খাবারের মাঝখানে খিদে পেলে বিস্কুট বা ভাজাভুজির বদলে এক মুঠো রোস্টেড ছোলা খেতে পারেন। এতে রক্তে শর্করার ওঠানামাও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকে।
৩) ড্রাই রোস্টেড চিনেবাদাম
চিনেবাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। অল্প পরিমাণে রোস্টেড চিনাবাদাম খেলে অনেকক্ষণ আর খিদে পায় না এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। তবে ক্যালোরির তুলনায় বেশি হওয়ায় একসঙ্গে এটি বেশি না খাওয়াই ভালো।
৪) রোস্টেড কুমড়োর বীজ
কুমড়োর বীজে রয়েছে প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি কম ক্যালোরির একটি পুষ্টিকর স্ন্যাকস, যা খিদে নিয়ন্ত্রণে সাহায্য করার পাশাপাশি হজমেও উপকারীও হতে পারে।
বানাতে লাগবে ১০ মিনিট, ব্রেকফাস্টে রাখুন এই ৭ হাই-প্রোটিন পদ
৫) রোস্টেড সূর্যমুখীর বীজ
সূর্যমুখীর বীজে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, উদ্ভিজ্জ প্রোটিন ও ফাইবার। নিয়মিত সঠিক পরিমাণে খেলে এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং প্যাকেটজাত নোনতা স্ন্যাকসের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে কাজ করে। (Healthy Snacks)
তবে মনে রাখতে হবে শুধু স্বাস্থ্যকর স্ন্যাকস খেলেই ওজন কমে যাবে, এমন নয়। সঠিক পরিমাণে খাওয়া, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং নিয়মিত শরীরচর্চা—এই তিনটি বিষয় একসঙ্গে মেনে চললেই ভালো ফল পাওয়া সম্ভব। তাই তেলে ভাজা খাবারের বদলে রোস্টেড স্ন্যাকস বেছে নিন এবং পরিমাণের দিকেও নজর রাখুন। এতে ওজন নিয়ন্ত্রণের পথ অনেকটাই সহজ হয়ে উঠতে পারে।












