রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জাপানের বয়ফ্রেন্ড ভাড়ার সংষ্কৃতি এ বার ভারতে? কী এটি? জানুন বিস্তারিত

Published on: July 14, 2026
---Advertisement---

জাপানের ব্যস্ত নগরজীবনে শুরু হওয়া ‘Rent A Boyfriend’ পরিষেবা এখন আর শুধু সে দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম এবং গিগ ইকোনমির হাত ধরে ধীরে ধীরে এই পরিষেবা ভারতের ডিজিটাল জগতেও জায়গা করে নিচ্ছে। Facebook Group, Instagram Page, অনলাইন মার্কেটপ্লেস এবং Companionship Platform-এ এখন ঘণ্টাভিত্তিক ‘Boyfriend’ ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেখা যাচ্ছে। সিনেমা দেখা, শপিংয়ে যাওয়া, কফি খাওয়া, হাসপাতাল যাওয়ার সময় সঙ্গ দেওয়া বা নিছক একাকীত্ব কাটাতে কারও সঙ্গে সময় কাটানোর জন্য এই পরিষেবা নেওয়ার প্রবণতা বাড়ছে বলে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। (Rental Boyfriend Trend)

এই পরিষেবার উৎপত্তি জাপানে। ১৯৯০-এর দশকে সেখানে ‘Rental Person’ বা নির্দিষ্ট সামাজিক ভূমিকার মানুষ ভাড়া দেওয়ার ধারণা জনপ্রিয় হয়। কোনও পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার জন্য সঙ্গী, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অতিথি, সম্পর্ক ভাঙার পর মন খুলে কথা বলার জন্য একজন শ্রোতা বা পরিবারের চাপ এড়াতে সাময়িক সঙ্গী— এমন নানা ধরনের পরিষেবা দেওয়া হতো। সময়ের সঙ্গে সেই ধারণা আরও বিস্তৃত হয়। ২০১০ সালের পর বিভিন্ন সংস্থা ‘Rental Girlfriend’ এবং ‘Rental Boyfriend’ নামে পরিষেবা চালু করে, যা দ্রুত জনপ্রিয়তা লাভ করে। (Rental Boyfriend Trend)

তবে নাম শুনে অনেকের মনে ভুল ধারণা তৈরি হতে পারে। এই পরিষেবাগুলির বেশিরভাগ ক্ষেত্রেই যৌন সম্পর্কের কোনও সুযোগ থাকে না। সংস্থাগুলির নিয়ম অনুযায়ী হোটেলে যাওয়া, নির্জন জায়গায় সময় কাটানো, রাত কাটানো বা কোনও ধরনের শারীরিক সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণত ক্যাফে, রেস্তোরাঁ, পার্ক, শপিং মল, মিউজিয়াম বা অন্যান্য জনবহুল জায়গায় সময় কাটানো, গল্প করা এবং মানসিক সঙ্গ দেওয়াই এই পরিষেবার মূল উদ্দেশ্য। অর্থাৎ, এখানে অর্থের বিনিময়ে বিক্রি হচ্ছে সময়, মনোযোগ এবং সাময়িক সঙ্গ। (Rental Boyfriend Trend)

জাপানে এই পরিষেবার জনপ্রিয়তার পিছনে রয়েছে একাধিক সামাজিক কারণ। দীর্ঘক্ষণ কাজ, একা থাকার প্রবণতা, নগরজীবনের চাপ, সামাজিক দূরত্ব এবং ব্যক্তিগত সমস্যা সহজে অন্যের সঙ্গে ভাগ না করার সংস্কৃতির ফলে অনেকেই নির্দিষ্ট সময়ের জন্য একজন সঙ্গী খুঁজে নেন। বিশেষজ্ঞদের মতে, বাস্তব জীবনের সম্পর্কের জটিলতার বদলে সীমিত সময়ের জন্য নির্ভরযোগ্য সঙ্গ পাওয়ার সুযোগই এই পরিষেবাকে জনপ্রিয় করেছে। টোকিওতে ঘণ্টাপ্রতি প্রায় ৩,০০০ থেকে ৬,০০০ ইয়েন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১,৭০০ থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। খাবার, যাতায়াত বা অন্যান্য খরচ যোগ হলে সেই অঙ্ক আরও বেড়ে যায়। (Rental Boyfriend Trend)

বহু ট্রাভেল ইনফ্লুয়েন্সার জাপানে গিয়ে ‘Rent A Boyfriend’ অভিজ্ঞতার ভিডিয়ো তৈরি করেন। কোথাও দেখা যায়, নির্দিষ্ট সময়ের জন্য একজন ভাড়া করা সঙ্গীর সঙ্গে কফি খাওয়া, ছবি তোলা, শপিং করা বা সিনেমা দেখা হচ্ছে। এক ভাইরাল ভিডিয়োতে এক ইনফ্লুয়েন্সার প্রায় ১০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৫০০ টাকা) দিয়ে কয়েক ঘণ্টার জন্য একজন Boyfriend বুক করেছিলেন। সেই ভিডিয়োগুলিতে দেখা যায়, প্রথমে অস্বস্তি থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক কথোপকথনের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় এবং সময় শেষ হলে দু’জনই আলাদা হয়ে যান। একাধিক Rental Boyfriend জানিয়েছেন, তাঁদের অনেক গ্রাহকই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, বিবাহবিচ্ছিন্ন মহিলা কিংবা বিবাহিত হলেও নিঃসঙ্গতায় ভোগা নারী।

ভারতে এই পরিষেবা এখনও জাপানের মতো সংগঠিত নয়। তবে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এর উপস্থিতি ক্রমশ বাড়ছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে তরুণরা নিজেদের ছবি, শহরের নাম এবং উপলব্ধ সময় উল্লেখ করে ‘Rented Boyfriend’ হিসেবে বিজ্ঞাপন দিচ্ছেন। পাশাপাশি KoPartner নামে একটি প্ল্যাটফর্ম নিজেদের ‘Professional Social Support Services’ প্রদানকারী সংস্থা হিসেবে পরিচয় দেয়। সেখানে ‘Hangout’-এর জন্য ঘণ্টাপ্রতি ১,৫০০ টাকা, আর ক্লাবিং, সিনেমা, শপিং বা মেডিক্যাল সাপোর্টের জন্য ঘণ্টাপ্রতি ২,০০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। যদিও তারা ‘Boyfriend’ শব্দটি ব্যবহার না করে সামাজিক সহায়তা বা কম্প্যানিয়নশিপ পরিষেবার কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় এই পরিষেবাকেই ‘Rent A Boyfriend’ নামে প্রচার করা হচ্ছে।

এছাড়াও Knell নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে অনেক ভারতীয় নিজেদের কম্প্যানিয়ন হিসেবে নিবন্ধন করেছেন। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম Rent A Friend-এও ভারতীয়দের একাধিক প্রোফাইল রয়েছে। সেখানে ঘণ্টাপ্রতি ১১ থেকে ১৫ মার্কিন ডলার পর্যন্ত পারিশ্রমিক উল্লেখ করা হয়েছে। ইনস্টাগ্রামে ‘Rent Your Own Boyfriend India’ (@ryob_india)-এর মতো পেজও এই পরিষেবার প্রচার করছে। কফি ডেট, শপিং, লং ড্রাইভ বা গল্প করার মতো মুহূর্ত তুলে ধরে আকর্ষণীয় পোস্টের মাধ্যমে গ্রাহক টানার চেষ্টা করা হচ্ছে। এমনকি কিছু মানুষ টিন্ডারের বায়োতেও ‘Paid Company’, ‘Travel Companion’ বা ‘Available for Events’-এর মতো তথ্য যোগ করছেন।(Rental Boyfriend Trend)

এই পরিষেবায় কারা যুক্ত হচ্ছেন, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, অতিরিক্ত আয়ের আশায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তরুণ চাকরিজীবী এবং ফ্রিল্যান্সাররা এই কাজে যোগ দিচ্ছেন। অন্যদিকে, মূলত শহুরে ২০ থেকে ৩০ বছর বয়সি মহিলাদের মধ্যে এই পরিষেবা নিয়ে আগ্রহ বেশি দেখা যাচ্ছে। কেউ সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতে, কেউ নতুন অভিজ্ঞতার জন্য, আবার কেউ নিঃসঙ্গতা কাটাতে এই পরিষেবা ব্যবহার করছেন। অনেকের মতে, একা সিনেমা দেখা বা রেস্তোরাঁয় যাওয়ার সামাজিক অস্বস্তি এড়াতেও এই ধরনের সঙ্গী ভাড়া করা হচ্ছে। (Rental Boyfriend Trend)

ভারতে এই পরিষেবা এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত নয় এবং কোনও নির্দিষ্ট সরকারি নীতির আওতায় পরিচালিত হয় না। তবুও গিগ ইকোনমির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে সময়ের বিনিময়ে সঙ্গ দেওয়ার এই ব্যবসাও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা যেমন আধুনিক জীবনের একাকীত্বের চিত্র তুলে ধরছে, তেমনই সম্পর্ক, আবেগ এবং মানুষের সামাজিক চাহিদাকে ঘিরে নতুন বিতর্কও তৈরি করছে। প্রযুক্তিনির্ভর জীবনে যখন খাবার, যাতায়াত থেকে শুরু করে নানা পরিষেবা মুহূর্তের মধ্যে পাওয়া যাচ্ছে, তখন সাময়িক সঙ্গও যদি অর্থের বিনিময়ে পাওয়া যায়, তা সমাজের পরিবর্তিত বাস্তবতারই এক নতুন দিক বলে মনে করছেন অনেকেই। (Rental Boyfriend Trend)

আরও পড়ুন :- ওটস কি আদৌ ‘হেলদি ব্রেকফাস্ট’? কী বলছেন পুষ্টিবিদরা?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment