কলকাতা লিগ এবং IFA শিল্ড শেষ হতেই কলকাতা মহিলা ফুটবল লিগের প্রস্তুতি শুরু করল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)। আগামী নভেম্বর মাস থেকে শুরু হতে চলেছে মেয়েদের লিগ। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। পুজোর পরেই বৈঠক করে সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এবারের লিগে প্রথমে শুরু হবে দ্বিতীয় ডিভিশনের খেলা। এরপর মাঠে নামবে প্রথম ডিভিশনের দলগুলি। প্রতিভাবান ফুটবলারদের প্রথম ডিভিশনে খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে IFA। (Kolkata Women’s Football League)
আগে দ্বিতীয় ডিভিশন, জানালেন সচিব
IFA সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, নভেম্বর থেকে মহিলা ফুটবল লিগ শুরু করার প্রস্তুতি চলছে। পুজোর পরেই আলোচনার মাধ্যমে নির্দিষ্ট দিন ঘোষণা করা হবে। তাঁর কথায়, দ্বিতীয় ডিভিশনের খেলা আগে হলে সেখান থেকে ভালো ফুটবলাররা প্রথম ডিভিশনের দলে সুযোগ পেতে পারেন। (Kolkata Women’s Football League) এ ছাড়া দেশের মহিলা ফুটবলের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) এবং AFC কাপের খেলা রয়েছে। সেই বিষয়গুলিও মাথায় রেখে লিগের সূচি তৈরি করা হচ্ছে।
কন্যাশ্রী কাপের নাম বদলাবে?
রাজ্যে সরকার পরিবর্তনের পর এই প্রথম মহিলা ফুটবল লিগের আয়োজন করতে চলেছে আইএফএ। আগের সরকারের আমলে কলকাতা মহিলা ফুটবল লিগের নাম বদলে রাখা হয়েছিল কন্যাশ্রী কাপ। সেই সময় প্রতিযোগিতার জন্য রাজ্য সরকারের আর্থিক সহায়তাও মিলত। (Kolkata Women’s Football League)
এবার প্রতিযোগিতার নাম কী হবে, তা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। অনির্বাণ দত্ত জানিয়েছেন, আগের নামটি এখনও রয়েছে। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা নিয়েও তিনি আশাবাদী। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে একাধিকবার ইতিবাচক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন IFA সচিব। তাঁর দাবি, সহযোগিতার আশ্বাস পেয়েছেন তিনি।
২৪ অক্টোবর IFA-র বিশেষ সভা
এদিকে IFA-তে নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী ২৪ অক্টোবর সংস্থার বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে। সেখানে বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে। স্পেশাল অফিসারের অধীনেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে পুজোর পর মহিলা ফুটবল লিগের পাশাপাশি IFA-র নির্বাচন নিয়েও তৎপরতা বাড়তে চলেছে। (Kolkata Women’s Football League)











