ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও হরমনপ্রীত কৌরকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Padma Shri Award)। সম্প্রতি ঘোষিত পদ্ম পুরস্কারের তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। ক্রিকেটপ্রেমী ও ক্রীড়ামহলে এই ঘোষণাকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ উচ্ছ্বাস।
রোহিত শর্মা ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার। একদিনের ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির অনন্য নজির রয়েছে তাঁর ঝুলিতে। বহু বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স এবং বড় মঞ্চে নেতৃত্বের জন্য তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ সম্মান অর্জন করেছেন। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে ভারত জেতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফিও ওঠে ভারতের হাতে। এই সাফল্যের মাধ্যমে তিনি মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দু’টি আইসিসি ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে রানার্স হওয়াও তাঁর নেতৃত্বের বড় প্রমাণ।
অন্যদিকে, হরমনপ্রীত কৌর ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল নাম। আক্রমণাত্মক ব্যাটিং, দৃঢ় মানসিকতা ও সাহসী নেতৃত্বে তিনি ভারতীয় মহিলা দলকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। সম্প্রতি তাঁর নেতৃত্বেই ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে, যা দেশের মহিলা ক্রিকেটে এক ঐতিহাসিক মাইলফলক।
এই তালিকায় কেবল ক্রিকেটারই নন, জায়গা পেয়েছেন অন্যান্য ক্রীড়াবিদরাও। পদ্মভূষণ পাচ্ছেন ভারতের প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজ। পদ্মশ্রী পাচ্ছেন হকি গোলরক্ষক সবিতা পুনিয়া, যিনি ‘গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া’ নামে পরিচিত। আর কোন কোন ক্রীড়াবিদ পেলেন পদ্ম সম্মান? রইল তালিকা-
পদ্মভূষণ
বিজয় অমৃতরাজ (টেনিস)
পদ্মশ্রী
বলদেব সিং (হকি)
ভগবানদাস রাইকওয়ার (বুন্দেলি ওয়ার আর্ট)
রোহিত শর্মা (ক্রিকেট)
হরমনপ্রীত কৌর (ক্রিকেট)
কে পাজানিভেল (মার্শাল আর্ট)
প্রবীণ কুমার (প্যারা অ্যাথলিট)
সবিতা পুনিয়া (হকি)
ভ্লাদিমির মেস্তভিরিশভিলি (মরণোত্তর) (কুস্তি)












