ভারতীয় দলের তরুণ ব্যাটার অভিষেক শর্মার (Abhishek Sharma) দ্বিতীয় ম্যাচে মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। আগেই জানা গিয়েছে পেটের গুরুতর সমস্যায় ভুগছেন তিনি। প্রথম ম্যাচের আগেই অসুস্থতার সূত্রপাত। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি হয়েছে আরও জটিল।
মঙ্গলবার দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন, অভিষেকের শারীরিক অবস্থার উন্নতি হলে দু’দিনের মধ্যে তাঁকে মাঠে ফেরানো যেতে পারে। তবে বর্তমানে সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর জায়গায় দলে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ ধরা পড়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই অস্বস্তি অনুভব করছিলেন তিনি। ম্যাচের পর জ্বর বাড়ে। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ওষুধ দেওয়া হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। অনুশীলনেও যোগ দিতে পারেননি তিনি।

দিল্লিতে দলের প্রধান কোচ গৌতম গম্ভীর আয়োজিত নৈশভোজেও বেশিক্ষণ থাকতে পারেননি অভিষেক। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে এই পরিস্থিতিতে চিন্তায় টিম ইন্ডিয়া। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই।
তবে তাঁর শারীরিক অবস্থা, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় বা মাঠে ফেরার বিষয়ে এখনও পর্যন্ত দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। অভিষেকের অনুপস্থিতি ভারতীয় দলের ব্যাটিং লাইন-আপের জন্য বড় ধাক্কা হতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।












