২০২৫-২৬ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকায় চূড়ান্ত করে ফেলল BCCI। দৈনিক জাগরণে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এবার সরিয়ে দেওয়া হচ্ছে A+ ক্যাটিগরি। সেটাকেই A ক্যাটিগরি হিসেবে গণ্য করা হবে। রিপোর্ট মানলে, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে B ক্যাটিগরিতে নামিয়ে দেওয়া হবে (BCCI Central Contract 2026)।
এতদিন সর্বোচ্চ A+ ক্যাটিগরিতে থাকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নামিয়ে আনা হয়েছে B ক্যাটিগরিতে। শুধু তাই নয়, ভারতের টি–টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবও এবার জায়গা পেয়েছেন গ্রুপ B–তেই।
নতুন তালিকা অনুযায়ী, এ বারে শীর্ষ A গ্রুপে রয়েছেন মাত্র তিন জন ক্রিকেটার— ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল, তারকা পেসার জসপ্রীত বুমরাহ এবং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। A+ গ্রেডটি এবার সম্পূর্ণ তুলে দেওয়া হলে নতুন বেতন কাঠামো ঠিক কীভাবে কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।
রোহিত শর্মা ও বিরাট কোহলির গ্রেড নামার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে তাঁদের ফরম্যাট সীমাবদ্ধতা। কোহলি ও রোহিত এখন কেবল ওয়ানডেতে খেলেন। টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ফলে তাঁদের ম্যাচ সংখ্যা কমেছে, যার প্রভাব পড়েছে চুক্তির গ্রেডেও। যদিও সাম্প্রতিক সিরিজগুলিতে দু’জনেই দুর্দান্ত ফর্মে ছিলেন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তাঁদের ফিটনেস বজায় থাকবে কি না, তা নিয়েও চলছে তর্ক।

গ্রুপ B–তে জায়গা পেয়েছেন একাধিক তারকা ক্রিকেটার। রয়েছেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ার।
গ্রুপ C–তে রাখা হয়েছে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের, যেমন রিঙ্কু সিং, তিলক বর্মা, শিবম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, ঋতুরাজ গায়কোয়াড়দের।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, গত বছর চুক্তিতে থাকা ঈশান কিষান, সরফরাজ খান ও রাজত পতিদারের নাম এ বার তালিকায় নেই। একই সঙ্গে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামিও, যিনি গত মরসুমে গ্রুপ A–তে ছিলেন।
মহিলা ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতেও শীর্ষ স্তরে রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। গ্রুপ B–তে রাখা হয়েছে শেফালি বর্মা ও রিচা ঘোষকে। সব মিলিয়ে বিসিসিআইয়ের নতুন চুক্তির তালিকা ভারতীয় ক্রিকেটে এক নতুন দিশার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












