রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে দাপটের সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিল বাংলা। কল্যাণীর মাঠে অন্ধ্রপ্রদেশকে ইনিংস ও ৯০ রানে পরাজিত করে অভিমন্যু ঈশ্বরণের দল শেষ চারে উঠল (Bengal vs Andhra Pradesh)। ব্যাটে সুদীপ কুমার ঘরামির দুরন্ত ২৯৯ এবং পরে বল হাতে শাহবাজ আহমেদের ঘূর্ণিই বাংলার জয়ের মূল চাবিকাঠি হয়ে ওঠে।
ম্যাচে প্রথমে ব্যাট করে অন্ধ্রপ্রদেশ ২৯৫ রান তোলে। রিকি ভুঁই (৮৩), শ্রীকর ভরত (৪৭) এবং শাইক রশিদের (৪৬) ইনিংস সত্ত্বেও বাংলার পেস আক্রমণের সামনে তারা বড় স্কোর গড়তে পারেনি। মুকেশ কুমার পাঁচটি এবং আকাশ দীপ চারটি উইকেট নেন।
জবাবে বাংলার ইনিংসের ভিত গড়ে দেন সুদীপ কুমার ঘরামি। তিন নম্বরে নেমে ৫৯৬ বল মোকাবিলা করে ২৯৯ রানের ম্যারাথন ইনিংস খেলেন তিনি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তাঁর ইনিংসে ছিল ৩১টি চার ও ৬টি ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গ দেন সুমন্ত গুপ্ত (৮১) এবং শাকির হাবিব গান্ধী (৯৫)। শেষদিকে মহম্মদ শামির ৩৩ বলে ঝোড়ো ৫৩ রানের ক্যামিও বাংলাকে ৬২৯ রানের বিশাল স্কোরে পৌঁছে দেয়, ফলে প্রথম ইনিংসে ৩৩৪ রানের লিড পায় বাংলা।
দ্বিতীয় ইনিংসে অন্ধ্রপ্রদেশ কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলার বোলারদের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি। নীতীশ কুমার রেড্ডি ৯০ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্তে সমর্থন পাননি। শাহবাজ আহমেদ চারটি এবং সুরজ সিন্ধু জয়সওয়াল দুটি উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন। শেষ পর্যন্ত ২৪৪ রানেই অলআউট হয়ে যায় অন্ধ্রপ্রদেশ।
এই জয়ের ফলে বাংলা রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল, যেখানে তাদের প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর। দীর্ঘদিন পর রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন আরও একধাপ এগিয়ে গেল বাংলার ক্রিকেটভক্তদের কাছে।












