আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই হতাশাজনক হার দিয়ে যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২০ রানের মতো বড় স্কোর গড়েও শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হার মানতে হয় অজিঙ্ক রাহানের দলকে (Cameron Green KKR)। ম্যাচে মুম্বইয়ের হয়ে বিধ্বংসী ব্যাটিং করেন রোহিত শর্মা (৭৮) ও রায়ান রিকেলটন (৮১)। প্রথম উইকেটেই ১৪৮ রানের জুটি গড়ে ম্যাচ একতরফা করে দেন তাঁরা।
KKR-এর বোলিং আক্রমণ ছিল একেবারেই নিষ্প্রভ। বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি, কার্তিক ত্যাগিরা কার্যত অসহায় দেখায়। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে দলের সবচেয়ে দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে নিয়ে। ২৫.২০ কোটি টাকায় কেনা এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ব্যাট হাতে মাত্র ১৮ রান করেই থেমে যান, আর বল হাতে তাঁকে একবারও দেখা যায়নি।
ম্যাচ শেষে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তভাবেই KKR অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, “গ্রিন কেন বোলিং করল না, সেটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞাসা করাই ভালো।” তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক।
We take our learnings and move ahead. pic.twitter.com/Irh2JCJlLE
— KolkataKnightRiders (@KKRiders) March 29, 2026
পরে এই বিষয়ে মুখ খোলে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের এক মুখপাত্র জানান, গ্রিন বর্তমানে লোয়ার ব্যাক ইনজুরিতে ভুগছেন। সেই কারণে তাঁকে বোলিং থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে এবং ধীরে ধীরে তাঁর ওয়ার্কলোড বাড়ানো হচ্ছে। আরও ১০-১২ দিনের মধ্যে তিনি বোলিংয়ে ফিরতে পারেন বলেও জানানো হয়েছে।
রাহানে স্বীকার করেন, অনভিজ্ঞ বোলিং আক্রমণই ম্যাচে বড় ফারাক গড়ে দিয়েছে। তিনি বলেন, “আমাদের বোলাররা এই ম্যাচ থেকে শিক্ষা নেবে।” ম্যাচ চলাকালীন পায়ের পেশিতে টান ধরায় কিছু সময়ের জন্য মাঠ ছাড়তে হয় রাহানেকে, পরে তিনি জানান, এখন অনেকটাই সুস্থ।
সব মিলিয়ে প্রথম ম্যাচেই KKR-এর দুর্বলতা সামনে চলে এসেছে, বিশেষ করে বোলিং বিভাগে। আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য নাইট শিবিরের।













1 thought on “Cameron Green KKR: কেন বল করলেন না ২৫.২০ কোটির গ্রিন? মুখ খুললেন KKR অধিনায়ক”