---Advertisement---

Carlos Alcaraz: ‘বুড়ো’ জকোভিচকে উড়িয়ে চ্যাম্পিয়ন জেন জি আলকারাস, অস্ট্রেলিয়ান ওপেনে নতুন যুগের সূচনা

February 1, 2026 6:19 PM
Carlos Alcaraz
---Advertisement---

অভিজ্ঞতার বিরুদ্ধে তারুণ্যের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হল ভবিষ্যৎ। আত্মসমর্পণ করলেন না নোভাক জোকোভিচ। ফাইনালের আগে বলেছিলেন, শেষ পয়েন্ট পর্যন্ত লড়বেন, লড়লেনও। কিন্তু ২৫ তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আরও একবার অধরাই থেকে গেল। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে চার সেটের হাড্ডাহাড্ডি যুদ্ধে ৩৮ বছরের জোকোভিচকে হারিয়ে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ২২ বছরের কার্লোস আলকারাস।

রবিবার মেলবোর্নের রড লেভার এরিনা-য় ৩ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে আলকারাস জেতেন ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে। এর ফলে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে মাত্র ২২ বছর ২৭২ দিনে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করলেন তিনি। এই জয়ের সঙ্গে সঙ্গে টেনিসের ওপেন এরায় সবচেয়ে কম বয়সে চারটি গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়লেন আলকারাস, ভেঙে দিলেন তাঁর ‘গুরু’ রাফায়েল নাদাল-এর রেকর্ড।

Carlos Alcaraz
আলকারাস ও জকোভিচ

ম্যাচের শুরুটা ছিল জোকোভিচের দখলে। প্রথম সেটে সার্ভিস ও রিটার্নে আধিপত্য দেখিয়ে ৬-২-এ এগিয়ে যান সার্বিয়ান তারকা। আগের ম্যাচে ইয়ানিক সিনারের বিরুদ্ধে দীর্ঘ ৪ ঘণ্টা ৯ মিনিটের লড়াইয়ের ক্লান্তি সত্ত্বেও প্রথম সেটে দাপট ছিল তাঁরই। তবে দ্বিতীয় সেট থেকেই বদলে যায় ম্যাচের রং। নিজের ভুল ধরতে পেরে আগ্রাসী হয়ে ওঠেন আলকারাস। জোকোভিচের সার্ভিস বারবার ভেঙে ৬-২-এ দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন তিনি।

তৃতীয় সেটে দীর্ঘ র‍্যালিতে বয়সের ফারাক স্পষ্ট হতে শুরু করে। কয়েকটি আনফোর্সড এররের খেসারত দিয়ে সেট হারান জোকোভিচ। চতুর্থ সেটে মরিয়া লড়াই চালালেও গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ হাতছাড়া করেন তিনি। দ্বাদশ গেমে ম্যাচ বাঁচাতে গিয়ে চাপে ভেঙে পড়েন জোকোভিচ। শেষ শট লাইনের বাইরে পড়তেই কোর্টে শুয়ে পড়ে উচ্ছ্বাসে ভাসেন আলকারাস।

২০২৩ ইউএস ওপেনের পর আর গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি জোকোভিচের। উইম্বলডন ফাইনালেও আলকারাজ়ের কাছে হারতে হয়েছিল তাঁকে। এ বারও সেই স্প্যানিশ তারকাই হয়ে দাঁড়ালেন প্রাচীর। অন্যদিকে, অবসর নেওয়া রজার ফেডেরার ও নাদালের যুগ পেরিয়ে টেনিসের নতুন রাজা যে আলকারাস, অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে সেটাই আরও একবার প্রমাণিত হল।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment