১৩৫তম ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত। গ্রুপ পর্বের লড়াই শেষ হতেই নকআউট পর্বের সূচি প্রকাশ করল ডুরান্ড কমিটি। প্রত্যাশামতো শেষ আটে জায়গা করে নিয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। দু’দলেরই কোয়ার্টার ফাইনাল হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফলে ডুরান্ডের নকআউট পর্বে শহরেই বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে। (Durand Cup Quarter Final)
ইস্টবেঙ্গলের সামনে ইন্ডিয়ান আর্মি
প্রথমে মাঠে নামবে ইস্টবেঙ্গল। ১৬ অগস্ট, রবিবার সন্ধ্যা ৭টায় যুবভারতীতে ইন্ডিয়ান আর্মির মুখোমুখি হবে লাল-হলুদ। গ্রুপ পর্বের পারফরম্যান্সের পর এই ম্যাচ ঘিরে সমর্থকদের প্রত্যাশাও বেশি।
মোহনবাগানের প্রতিপক্ষ জামশেদপুর
পরের দিন, ১৭ অগস্ট, সোমবার বিকেল ৪টেয় যুবভারতীতে খেলবে মোহনবাগান। তাদের সামনে জামশেদপুর এফসি। বেস্ট রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে জামশেদপুর। ফলে সবুজ-মেরুনের সামনে লড়াইটা সহজ হবে না। (Durand Cup Quarter Final)
বাকি দুই ম্যাচ কোথায়?
১৬ অগস্টের প্রথম কোয়ার্টার ফাইনালে রাঁচির বীরসা মুন্ডা স্টেডিয়ামে বিকেল ৪টেয় মুখোমুখি হবে স্পোর্টিং ক্লাব দিল্লি ও ফুটবল ক্লাব রায়েনঙ্গদাই।
১৭ অগস্টের শেষ কোয়ার্টার ফাইনালে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় খেলবে শিলং লাজং এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। (Durand Cup Quarter Final)
ডুরান্ড কাপের ছয়টি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছে। তাদের সঙ্গে বেস্ট রানার্স আপ হিসেবে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি। অর্থাৎ, শেষ আটের লড়াইয়ে এখন থেকে প্রতিটি ম্যাচই নকআউট।
কোথায় দেখা যাবে ম্যাচ?
চারটি কোয়ার্টার ফাইনালই টেলিভিশনে দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের সোনি স্পোর্টস টু চ্যানেলে। অনলাইনে ম্যাচ দেখা যাবে সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে। (Durand Cup Quarter Final)
আরও পড়ুন :- ডিভোর্স হলে রোনাল্ডোর সম্পত্তি পাবেন জর্জিনা, কী রয়েছে চুক্তিতে?











