Site icon Hindustan News Point

Dwyane Bravo KKR: IPL-এর মাঝে কনসার্টে, ব্র্যাভোকে দল থেকে তাড়ানোর দাবি

Dwyane Bravo KKR

গৌতম গম্ভীর কেকেআর ছাড়ার পর দলের মেন্টরের দায়িত্ব নেন ডোয়েন ব্র্যাভো (Dwyane Bravo KKR)। তবে ২০২৫ মরশুমে সাফল্য না পাওয়ার পর ২০২৬-র শুরুটাও ভালো হয়নি নাইটদের। টানা খারাপ পারফরম্যান্সের জেরে এখন দলের ব্যাটিং, বোলিং—সব বিভাগ নিয়েই প্রশ্ন উঠছে। সেই সঙ্গে কোচিং স্টাফ ও নেতৃত্বের পারফরম্যান্সও চলে এসেছে সমালোচনার কেন্দ্রে।

এই পরিস্থিতিতেই নতুন বিতর্কে জড়ালেন ব্র্যাভো। আইপিএল চলাকালীনই তিনি একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি পোস্ট অনুযায়ী, আগামী ১২ এপ্রিল চেন্নাইয়ে ‘The Champion Takeover’ নামের একটি ইভেন্টে পারফর্ম করবেন তিনি। সেখানে আরও কয়েকজন ডিজেও থাকবেন।

এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন কেকেআর সমর্থকরা। দলের এমন কঠিন সময়ে মেন্টরের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

এর আগেও একই কারণে সমালোচনার মুখে পড়েছিলেন ব্র্যাভো। আইপিএল শুরুর আগে তিনি চেন্নাই সুপার কিংসের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তখনও দলের গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময় অন্য ফ্র্যাঞ্চাইজির ইভেন্টে যোগ দেওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন সমর্থকরা।

IPL-এ নজর কাড়ছেন এই সুন্দরী, চিনে নিন কাশ্মীরা পারদেশিকে

এবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে। ৯ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ খেলবে কেকেআর। তার পর ১৪ এপ্রিল চেন্নাইয়ে সিএসকের বিরুদ্ধে নামবে দল। মাঝখানে ১২ এপ্রিল ব্র্যাভোর এই পারফরম্যান্স ঘিরেই প্রশ্ন—দলের এই সংকটের সময়ে তিনি কীভাবে পুরো মনোযোগ দিতে পারবেন?

বর্তমানে কেকেআরের অবস্থা খুব একটা ভালো নয়। টানা দুই ম্যাচ হেরে শুরু করেছে তারা। বোলিং ইউনিট ধারাবাহিকভাবে ব্যর্থ, ব্যাটিংয়েও নেই ধারাবাহিকতা। এমন পরিস্থিতিতে দলের মেন্টরের ব্যক্তিগত অনুষ্ঠানে ব্যস্ত থাকা প্লেয়ারদের উপর কী প্রভাব ফেলবে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

সব মিলিয়ে, দলের পারফরম্যান্সের পাশাপাশি এখন মেন্টর ব্র্যাভোর কমিটমেন্ট নিয়েও চাপে কেকেআর শিবির।


Exit mobile version