শনিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল (India vs Brazil) প্রীতি ম্যাচের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য এল এক বড়সড় চমক। গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসির মেগা ইভেন্টে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও চরম বিশৃঙ্খলার কারণে যে দর্শকরা মহাতারকার দর্শন থেকে বঞ্চিত হয়েছিলেন, তাঁদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যুবভারতীতে দাঁড়িয়েই তিনি ঘোষণা করলেন, আগামী ৬ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম উরুগুয়ে ম্যাচে (India Uruguay match) সেই বঞ্চিত দর্শকদের মধ্যে ২২ হাজার টিকিট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
নাক কেটেছিল কলকাতার
গত বছরের ডিসেম্বরের সেই ঘটনা এখনও কলকাতার ফুটবল সমর্থকদের স্মৃতিতে দগদগে। বিশ্বজয়ী লিওনেল মেসিকে সামনাসামনি দেখার আশায় চড়া দামে টিকিট কিনে যুবভারতীতে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার গলদ ও চরম অব্যবস্থাপনার কারণে স্টেডিয়ামের ভেতরে এমন এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় যে দর্শকরা ঠিকমতো মেসিকে দেখার সুযোগই পাননি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হওয়ায় খোদ মেসিকেও দ্রুত অনুষ্ঠানস্থল ছেড়ে গাড়িতে উঠে পড়তে হয়েছিল। সেই সময় টিকিট বাতিল ও ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে তীব্র জনরোষ তৈরি হলেও প্রশাসনিক স্তরে কোনো চূড়ান্ত সমাধান মেলেনি। (India Uruguay match)
আরও পড়ুন: ব্রাজিল দাপট যুবভারতীতে, ৪ গোলে হারলেও নজর কাড়ল ভারত
India Uruguay Match: ২২ হাজার বিনামূল্যে টিকিট
অবশেষে সেই আক্ষেপের অবসান ঘটাতে আসরে নামল রাজ্য প্রশাসন। শনিবার ব্রাজিল ম্যাচ শেষে যুবভারতীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “গত বছর মেসিকে দেখতে যাঁরা অনলাইনে টিকিট কেটেও অনুষ্ঠানটি ঠিকভাবে উপভোগ করতে পারেননি, তাঁদের জন্যই এই উদ্যোগ। উরুগুয়ের বিরুদ্ধে ভারতের আসন্ন ম্যাচে সেই দর্শকদের মধ্যে ২২ হাজার টিকিট সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। অনলাইন ডেটাবেসের ভিত্তিতে এই টিকিট বণ্টন করা হবে এবং দ্রুতই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন করিয়ে নেওয়া হবে।”
ব্রাজিলের পর আগামী ৬ অক্টোবর যুবভারতীতে নামছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। খালিদ জামিলের দলের সামনে লাতিন আমেরিকার আরও এক শক্তিশালী প্রতিপক্ষ। ফলে যুবভারতীতে পরপর দুটি আন্তর্জাতিক ম্যাচের আবহে মেসি-বঞ্চিতদের এই সুযোগ ফুটবল উন্মাদনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। (India Uruguay match)
শুভেন্দু অধিকারীকে বিশেষ জার্সি ব্রাজিলের
এদিকে এদিনের ম্যাচে আরও একটি আকর্ষণীয় মুহূর্ত তৈরি হয়। ব্রাজিল দলের পক্ষ থেকে তাদের বিশ্বখ্যাত কোচ কার্লো আন্সেলোত্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে ব্রাজিলের জাতীয় দলের একটি বিশেষ হলুদ জার্সি উপহার হিসেবে তুলে দেন। জার্সির পেছনে লেখা রয়েছে ‘এস অধিকারী’ এবং ৭ নম্বর, যেখানে ব্রাজিলের সব ফুটবলারের সই রয়েছে। তবে সেই ঐতিহাসিক স্মারকটি ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত না করে অনন্য নজির গড়েন তিনি। জার্সিটি তিনি তৎক্ষণাৎ রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর হাতে তুলে দেন এবং নির্দেশ দেন যে, ভবিষ্যতের প্রজন্মের ফুটবলপ্রেমীদের দেখার জন্য এটি সরকারি স্পোর্টস মিউজিয়ামে চিরতরে সংরক্ষণ করে রাখা হবে। (India Uruguay match)











1 thought on “মেসি ইভেন্টে বঞ্চিতদের জন্য ফ্রি টিকিট, ব্রাজিল ম্যাচের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর”
Comments are closed.