আইপিএলের পর্ব শেষ হতেই এবার আন্তর্জাতিক ক্রিকেটে দলকে শক্ত করতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের বিরুদ্ধে সম্প্রতি শুরু হওয়া টেস্ট সিরিজ চলাকালীনই একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দল ঘোষণা করলেন ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ, এশিয়ান গেমস এবং শ্রীলঙ্কা ‘A’ দলের বিরুদ্ধে ভারতের ‘A’ দল- আসন্ন ক্ষেত্রেই নতুন ভারতীয় স্কোয়াড প্রকাশ করা হয়েছে। কারা থাকছেন এই দলে, বাদের তালিকাতেই বা নাম উঠল কাদের?
নতুন স্কোয়াড ঘোষণার পরই সবচেয়ে বেশি চর্চা হচ্ছে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তন নিয়ে। বিশ্বকাপ জয়ের মাত্র তিন মাসের মধ্যেই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। শুধু নেতৃত্বই নয়, তাঁকে টি-টোয়েন্টি দল থেকেও বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার। এবছরের আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব এবং দুরন্ত ব্যাটিংই যে শ্রেয়াসকে বেছে নেওয়ার অন্যতম কারণ, তাও স্বীকার করেছেন নির্বাচকেরা। (Indian Team New Squad)
দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন অজিত আগরকর। তিনি জানান, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। সূর্যকুমারের বর্তমান ফর্ম এবং আগামী দু’বছরের পরিকল্পনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরকর বলেন, সূর্যর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং নির্বাচকদের মতে এই মুহূর্তে শ্রেয়সই এই দায়িত্বের জন্য সবচেয়ে উপযুক্ত। গত কয়েক বছরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স, আইপিএলও জিতেছেন। পাশাপাশি ব্যাট হাতেও ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছেন। তাই তাঁর চেয়ে ভালো বিকল্প আর দেখা যায়নি বলে জানান নির্বাচক প্রধান।
তবে শুধু টি-টোয়েন্টি দলের অধিনায়কই নন, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শুবমান গিলের সহ-অধিনায়কও করা হয়েছে শ্রেয়সকে। তবে নতুন দল ঘোষণার সময় আরও একটি বিষয় নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। টি টোয়েন্টি হোক বা ODI কোনও দলেই জায়গা পাননি ঋষভ পন্থ। অন্যদিকে চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন হর্ষিত রানা।
তবে সবচেয়ে বড় চমক অবশ্যই বৈভব সূর্যবংশী। পরপর দু’বছর আইপিএলে এই ‘বিস্ময় বালক’ এর দাপট দেখে অনেকেই বলেছিলেন এবার বৈভবের ভারতীয় দলে সুযোগ পাওয়াই উচিৎ। অবশেষে সেই দাবিকেই মান্যতা দিলেন নির্বাচকরা। বৈভবকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আগরকর বলেন, তাঁর পারফরম্যান্সই নির্বাচকদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বয়স কম হলেও টানা দু’টি আইপিএলে অসাধারণ খেলেছে সে। অনূর্ধ্ব-১৯ দলেও নিজেকে প্রমাণ করেছে। তাই সিনিয়র স্তরেও একই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে বলেই আশা নির্বাচকদের। যদিও এই চ্যালেঞ্জটি কঠিন হবে, তবুও বৈভব নিজের পারফরম্যান্সের জোরেই জাতীয় দলে জায়গা করে নিয়েছে বলে জানান আগরকর। (Indian Team New Squad)
মুল্লানপুরে ভারতের নতুন বাজি, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক মানব সুতারের
সব মিলিয়ে একের পর এক চমকের মধ্যেই আগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য ভারতীয় দলকে নতুন করে সাজানো হয়েছে। এক নজরে দেখে যাক নতুন দলের সেই তালিকা।
ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক বর্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব এবং বৈভব সূর্যবংশী।
আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজের ভারতীয় দল:
শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ঈশান কিষান, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে এবং হার্দিক পাণ্ডিয়া।
রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়ার খেলা নির্ভর করবে তাঁদের ফিটনেসের উপর। (Indian Team New Squad)
এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জশপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী এবং বৈভব সূর্যবংশী।
শ্রীলঙ্কা ‘A’ দলের বিরুদ্ধে ভারতের ‘A’ দল:
ধ্রুব জুরেল (অধিনায়ক), সাই সুদর্শন, আয়ুষ পাণ্ডে, দেবদত্ত পাড্ডিকল, ঋতুরাজ গায়কোয়াড়, সারাংশ জৈন, গুরনুর ব্রার, আকিব নবি, যশ ঠাকুর, অনশুল কম্বোজ, এন জগদীশন, আমন মোখাডে, শেখ রশিদ এবং জিশান আনসারি। (Indian Team New Squad)

