ফুটবল মাঠে তিনি কিংবদন্তি। এবার মাঠের বাইরেও নতুন ইনিংস শুরু করলেন লিওনেল মেসি (Lionel Messi) । স্পেনের পঞ্চম ডিভিশনের ক্লাব UE Cornella কিনে নেওয়ার পর প্রথমবার খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন আর্জেন্টাইন মহাতারকা। আর সেই বার্তাতেই স্পষ্ট — শুধু মালিক হতে নয়, দীর্ঘমেয়াদি ফুটবল প্রকল্প গড়তেই ইউই কর্নেলায় নেমেছেন মেসি।
ভিডিয়ো বার্তায় ইন্টার মায়ামি অধিনায়ক (Lionel Messi) বলেন, “তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। আমরা এখানে এসেছি ক্লাবকে আরও বড় করতে এবং যেভাবে সম্ভব সাহায্য করতে। এই নতুন প্রজেক্ট নিয়ে আমরা ভীষণ উত্তেজিত।”
এই কয়েকটি কথাই মুহূর্তে ছড়িয়ে পড়ে স্প্যানিশ ফুটবলমহলে। কারণ, কর্নেলা কোনও বড় বাজেটের ক্লাব নয়। বার্সেলোনার উপকণ্ঠের ছোট্ট এই ক্লাব দীর্ঘদিন ধরেই পরিচিত তাদের দুর্দান্ত যুব অ্যাকাডেমির জন্য। এখান থেকেই উঠে এসেছেন সতীর্থ জর্ডি আলবা, জেরার্ড মার্টিন, ডেভিড রায়া-র মতো তারকারা। এবার সেই প্রতিভা তৈরির দায়িত্ব নিজ হাতে নিলেন মেসি।
গত ১৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ক্লাবটির মালিকানা গ্রহণ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই সুপারস্টার। যদিও এখনও তিনি ইন্টার মিয়ামি সিএফ-এর হয়ে খেলছেন, তবুও কর্নেলা কেনা তাঁর ভবিষ্যৎ ফুটবল-ভিশনের বড় ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মেসির (Lionel Messi) নজর শুধুমাত্র সিনিয়র টিমে নয়। ক্লাব সূত্রে জানানো হয়েছে, এই প্রকল্পের মূল লক্ষ্য যুব প্রতিভা তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা। কর্নেলা তাদের বিবৃতিতে জানিয়েছে, “মেসির আগমন ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। এই পরিকল্পনার লক্ষ্য ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন, প্রতিভা তৈরিতে বিনিয়োগ এবং স্থানীয় শিকড়কে আরও শক্তিশালী করা।”
বর্তমানে স্পেনের টেরসেরা আরএফইএফ-এ খেলছে কর্নেলা। তবে এই মরশুমেই দ্বিতীয় স্তরে ওঠার প্লে-অফ নিশ্চিত করেছে দল। ফলে মেসির আগমন ক্লাবের স্বপ্নকে আরও বড় করে তুলেছে। এমনকী সাম্প্রতিক ম্যাচগুলিতেও সোশ্যাল মিডিয়ায় কর্নেলাকে সমর্থন জানাতে দেখা গিয়েছে তাঁকে।
ফুটবলবিশ্বে বহু তারকাই, বেকহ্যাম থেকে শুরু করে এমবাপে, কন্তে, পিকে, রোনাল্ডোরা অবসরের আগে ক্লাব মালিকানার পথে হাঁটছেন। কিন্তু মেসির এই পদক্ষেপকে অনেকেই আলাদা গুরুত্ব দিচ্ছেন। কারণ, বার্সেলোনার সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক আজও অটুট। কর্নেলা শহরটিও বার্সেলোনার খুব কাছেই। ফলে অনেকের মতে, এটা শুধু ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং কাতালোনিয়ার ফুটবল সংস্কৃতির সঙ্গে নতুন করে জড়িয়ে পড়ারই চেষ্টা।
এখন দেখার, মাঠের জাদুকর মেসি (Lionel Messi) ক্লাব পরিচালনাতেও একই রকম সাফল্যের গল্প লিখতে পারেন কি না। তবে একটা বিষয় পরিষ্কার যে কর্নেলায় ‘মেসি যুগ’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন : Sourav Ganguly: আয়ারল্যান্ড সিরিজে বৈভবকে চান সৌরভ, শ্রেয়সের জাতীয় দলে ফেরার পক্ষেও দিলেন ভোট

