বিশ্বকাপের উত্তেজনার মাঝেই সমর্থকদের জন্য বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। গত ISL এর সেরা ফুটবলার তথা গোল্ডেন বলজয়ী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার (Miguel Figueira) মিগুয়েল ফিগুয়েরা দামাসোনাকে দু’বছরের চুক্তিতে দলে নিল সবুজ-মেরুন শিবির। মাঝমাঠে সৃজনশীলতা, গোল তৈরির দক্ষতা এবং আক্রমণের ধার আরও বাড়াতেই এই বড় সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।
২৬ বছর বয়সী মিগুয়েল (Miguel Figueira) ব্রাজিলের সিরি এ-তে খেলার পর এশিয়ায় প্রথম নজর কাড়েন বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসে। সেখানে তিন বছর কাটানোর পর গত মরশুমে ভারতে এসে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেই নজর কাড়েন। দলকে ISL চ্যাম্পিয়ন করার পাশাপাশি প্রতিযোগিতার সেরা ফুটবলার হিসেবে জেতেন গোল্ডেন বল। গত মরশুমে ১২ ম্যাচে ২ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেন তিনি।
চুক্তির পর ব্রাজিল থেকে MBSG মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মিগুয়েল বলেন, “মোহনবাগানের সমর্থকদের আবেগ অনেকটা ব্রাজিলের সমর্থকদের মতো। গ্যালারির চ্যাম্পিয়ন হওয়ার চাপ নিয়েই খেলতে ভালোবাসি। সবুজ-মেরুন জার্সি পরে দেশের সেরা সমর্থকদের সামনে নামার অপেক্ষায় রয়েছি।”
(Miguel Figueira) তিনি জানান, মোহনবাগানের প্রস্তাব পাওয়ার পর প্রথমে স্ত্রীকে বিষয়টি জানান। দু’জনে আলোচনা করার পাশাপাশি ক্লাবের সঙ্গে একাধিক দফা কথাবার্তার পরই সবুজ-মেরুনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
ডার্বি নিয়েও আত্মবিশ্বাসী মিগুয়েল (Miguel Figueira)। তাঁর কথায়, “কলকাতা ডার্বির গুরুত্ব আমি জানি। এবার সবুজ-মেরুন জার্সিতে নেমে প্রতিটি ডার্বি জিততে শতভাগ উজাড় করে দেব। সমর্থকদের কষ্ট দিতে চাই না।” একই সঙ্গে তিনি জানান, গোল করার চেয়ে সতীর্থদের দিয়ে গোল করাতে বেশি ভালোবাসেন এবং স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের সঙ্গে মাঠে “ম্যাজিক” দেখানোর অপেক্ষায় রয়েছেন।
বাংলাদেশে তিন বছর খেলে লিগ জেতানো এই ব্রাজিলিয়ান মনে করেন, ভারতের লিগ বাংলাদেশের তুলনায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ভারতীয় ফুটবলাররা বেশি প্রতিভাবান। পাশাপাশি মোহনবাগান সতীর্থ আলবার্তো রদরিগেজকে ISL এর অন্যতম সেরা ডিফেন্ডার বলেও প্রশংসা করেছেন তিনি। নতুন মরশুমে ISL, ডুরান্ড কাপ ও সুপার কাপ—সব প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামার বার্তা দিয়েছেন সবুজ-মেরুনের নতুন তারকা।
৩ মিনিটের অপেক্ষাতেই কি পেনাল্টি মিস? এমবাপেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হাল্যান্ডের

