ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। টানা চার ম্যাচ জিতে লিগে শক্ত অবস্থান তৈরি করেছে সবুজ-মেরুন দল। এবার তাদের সামনে বড় চ্যালেঞ্জ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ (Mohun Bagan vs Bengaluru)। সেই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে দলের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কথা বললেন কোচ সের্জিও লোবেরা এবং মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা।
কোচ লোবেরা জানিয়েছেন, এখন পর্যন্ত দলের পারফরম্যান্সে তিনি খুশি হলেও অতীতের ফলাফল নিয়ে বেশি ভাবতে চান না। তাঁর মতে, ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরবর্তী ম্যাচ। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তাদের মাঠে খেলা সবসময়ই কঠিন, তাই এই ম্যাচকে বড় পরীক্ষা হিসেবেই দেখছেন তিনি। তবে দল যে ভাবে প্রস্তুতি নিচ্ছে তাতে তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ।
এবারের মরশুমে এটি মোহনবাগানের প্রথম অ্যাওয়ে ম্যাচ। লোবেরা বলেন, ঘরের মাঠে সমর্থকদের সামনে খেললে দল স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পায়। তবে ট্রফি জিততে হলে অ্যাওয়ে ম্যাচেও ভালো ফল করতে হবে। বেঙ্গালুরুর মাঠে খেলা কঠিন হলেও তিনি এটিকে দলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বলে মনে করছেন।
বেঙ্গালুরু দলে সুনীল ছেত্রীর মতো অভিজ্ঞ ফুটবলার থাকলেও তাঁকে ঘিরে আলাদা কোনও পরিকল্পনা নেই বলেই জানালেন লোবেরা। তাঁর মতে, কোনও নির্দিষ্ট খেলোয়াড় নয়, পুরো দলকে মাথায় রেখেই কৌশল সাজানো হয়। সম্মিলিত পারফরম্যান্সই ম্যাচ জয়ের মূল চাবিকাঠি। অন্যদিকে চোট পাওয়া রবসন রবিনহোকে নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চান না লোবেরা। বরং তিনি আরও দুটো দিন অনুশীলনে দেখে সিদ্ধান্ত নিতে চান।
অন্যদিকে অনিরুদ্ধ থাপা জানান, কোচের পরিকল্পনা মেনে খেলাই দলের মূল লক্ষ্য। প্রত্যেক ফুটবলারের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং সবাই সেই পরিকল্পনা অনুসরণ করলে সাফল্য আসবে বলে তিনি মনে করেন।
থাপা আরও বলেন, এই মরশুমে মোহনবাগানের খেলায় কিছু পরিবর্তন এসেছে। মাঝমাঠে বেশি পাস খেলা ও বলের দখল ধরে রাখার উপর জোর দেওয়া হচ্ছে। সতীর্থ আপুইয়ার সঙ্গে তাঁর বোঝাপড়াও ভালো, যা মাঝমাঠে দলকে ভারসাম্য রাখতে সাহায্য করছে।
সব মিলিয়ে কঠিন অ্যাওয়ে ম্যাচের আগে আত্মবিশ্বাসী মোহনবাগান শিবির। এখন দেখার, বেঙ্গালুরুর মাঠে তারা সেই ছন্দ ধরে রাখতে পারে কি না।













1 thought on “Mohun Bagan vs Bengaluru: বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কঠিন লড়াইয়ের আগে সতর্ক মোহনবাগান, আত্মবিশ্বাসী লোবেরা”