আইপিএল ২০২৬-এ দারুণ ছন্দে শুরু করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ব্যাটিং লাইনে হঠাৎই ছেদ। দলের অন্যতম ভরসার ওপেনার ফিল সল্ট আঙুলের চোট পরীক্ষা করাতে দেশে ফিরেছেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে স্ক্যানের জন্য তাঁর এই সাময়িক প্রত্যাবর্তন—ফলে আপাতত অনিশ্চিত তাঁর ফেরার সময়সূচি।
চোটটা প্রথম ধরা পড়ে ১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ডাইভ দিতে গিয়ে বাঁ হাতের আঙুলে আঘাত পান সল্ট। তখন বিষয়টি ততটা গুরুতর মনে না হলেও পরবর্তী সময়ে সেটাই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শেষ তিন ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। আর সেখানেই স্পষ্ট হয়েছে, সল্টের অনুপস্থিতি আরসিবির ব্যাটিংয়ে কতটা প্রভাব ফেলছে।
এই মরশুমে সল্ট ছিলেন (RCB) আরসিবির টপ অর্ডারের ‘টোন-সেটার’। মাত্র ছয় ইনিংসে ২০২ রান, স্ট্রাইক রেট ১৬৮.৩৩—সংখ্যাগুলোই বলে দিচ্ছে, পাওয়ারপ্লেতেই কীভাবে ম্যাচের গতি বদলে দিতেন তিনি। বিরাট কোহলির সঙ্গে তাঁর জুটি ছিল প্রতিপক্ষ বোলারদের জন্য দুঃস্বপ্ন। দ্রুত রান তোলা, ফিল্ডিংয়ে চাপ তৈরি—এই দুইয়ের মিশেলে আরসিবির শুরুটা প্রায়শই হয়ে উঠত বিধ্বংসী।
সল্ট না থাকায় সেই ধারাবাহিকতা কিছুটা কমেছে। যদিও দলে সুযোগ পেয়েছেন তরুণ বাঁহাতি জ্যাকব বেথেল কিন্তু এখনও নিজের ছন্দ খুঁজে পাননি। তিন ইনিংসে ৩৯ রান করেছেন। সংখ্যা খুব বড় নয় তবে সুযোগ এখন তাঁর দিকেই তাকিয়ে। টিম ম্যানেজমেন্টও আপাতত তার উপর ধৈর্য ধরেই এগোতে চাইছে।
(RCB) আরসিবির জন্য বড় প্রশ্ন—সল্ট কবে ফিরবেন? কারণ তাঁর উপস্থিতি শুধু রানেই সীমাবদ্ধ নয়, ইনটেন্ট আর মোমেন্টাম তৈরি করাও তাঁর বড় ভূমিকা। বিশেষ করে নকআউটের লড়াইয়ের দিকে এগোতে গেলে, এমন এক ‘ইমপ্যাক্ট ওপেনার’-এর অভাব দলকে ভুগিয়ে দিতে পারে।
তবে ইতিবাচক দিকও আছে। পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকায় আরসিবি এখনই তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চাইছে না। ব্যাকআপ হিসেবে জর্ডান কক্স থাকলেও, বেথেলকেই লম্বা সময় দেওয়ার ইঙ্গিত মিলছে।
সব মিলিয়ে, সল্টের চোট শুধু একজন ব্যাটারের অনুপস্থিতি নয়, এটা (RCB) আরসিবির আগ্রাসী পরিচয়ের সাময়িক থমকে যাওয়া। এই অনিশ্চয়তার মধ্যেই এগোতে হবে বেঙ্গালুরুকে। এখন দেখার, তাঁর ফেরায় আবার সেই পুরনো ঝাঁঝ ফিরে আসে কি না নাকি এই ধাক্কা থেকেই নতুন বেথেল ভরসার মুখ হয়ে উঠতে পারে কি না।
রাজস্থান রয়্যালস কিনে নিল মিত্তল পরিবার ও আদর পুনাওয়ালা, কত টাকা দিয়ে?: RCB: সল্ট নেই, স্বাদ কি ফিকে হবে? আরসিবির ঝাঁঝে ধাক্কা, সুযোগের দরজা বেথেলের সামনে











