---Advertisement---

Saina Nehwal: ক্ষয়ে গেছে হাঁটু, ভুগছেন আর্থ্রাইটিসে, ৩৫ বছরেই ব্যাডমিন্টন থেকে অবসর সাইনা নেহওয়ালের

January 20, 2026 3:57 PM
saina nehwal
---Advertisement---

অবশেষে পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানালেন ভারতের তারকা শাটলার সাইনা নেহওয়াল (Saina Nehwal)। দীর্ঘদিন ধরে হাঁটুর যন্ত্রণায় ভুগতে ভুগতে বাধ্য হয়েই কেরিয়ারে ইতি টানলেন ৩৫ বছরের এই প্রাক্তন বিশ্ব এক নম্বর। শেষবার ২০২৩ সালের সিঙ্গাপুর ওপেনে প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনে দেখা গিয়েছিল তাঁকে। তারপর দু’বছরের বেশি সময় কেটে গেলেও আর কোর্টে ফেরা সম্ভব হয়নি সাইনার।

একটি পডকাস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে সাইনা বলেন, “দু’বছর আগেই আমি কার্যত খেলা ছেড়ে দিয়েছি। যেহেতু নিজের ইচ্ছেতেই ব্যাডমিন্টন শুরু করেছিলাম, তাই কখন থামব সেটাও আমারই সিদ্ধান্ত। আলাদা করে অবসর ঘোষণাকে খুব বড় বিষয় বলে মনে করি না।” তিনি জানান, হাঁটুর কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার পাশাপাশি আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন তিনি। আট-ন’ঘণ্টা কঠোর অনুশীলন তো দূরের কথা, এক-দু’ঘণ্টাতেই হাঁটু ফুলে যাচ্ছিল। সাইনার কথায়, “এ ভাবে সেরাদের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। আর পারছিলাম না।”

২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছিলেন সাইনা নেহওয়াল। মহিলাদের ব্যাডমিন্টনে সেটিই ছিল ভারতের প্রথম অলিম্পিক পদক। ২০১৬ সালের রিও অলিম্পিক্সে হাঁটুর চোট পেলেও হাল ছাড়েননি তিনি। তার পরেও ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতে নিজের লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছিলেন।

তবে সময়ের সঙ্গে সঙ্গে শরীর আর সায় দেয়নি। বাবা-মা ও কোচদের আগেই নিজের সমস্যার কথা জানিয়েছিলেন সাইনা। ঘটা করে বিদায় না নিলেও, ভারতের ব্যাডমিন্টনের ইতিহাসে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এক প্রজন্মের অনুপ্রেরণা হয়ে কোর্ট ছাড়লেন সাইনা নেহওয়াল।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment