Site icon Hindustan News Point

পাঞ্জাব কিংস থেকে এবার ভারতীয় দলের স্পিন কোচ, গম্ভীরের সঙ্গে নতুন দায়িত্বে সাইরাজ বাহুতুলে

Sairaj Bahutule

আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্টের আগে ভারতীয় ক্রিকেট দলে বড় পরিবর্তন। প্রাক্তন ভারতীয় লেগ-স্পিনার সাইরাজ বাহুতুলেকে এবার ভারতীয় জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করল বিসিসিআই। চলতি মরশুমেও আইপিএল এ পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন সাইরাজ। তবে এবার প্রধান কোচ গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসাবে যোগ দিচ্ছেন তিনি।

আগামী ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে ভারত-আফগানিস্তান টেস্ট। এই সিরিজকে সামনে রেখেই বাহুতুলের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করাই হবে তাঁর প্রধান দায়িত্ব। (Sairaj Bahutule)

৫৩ বছর বয়সি বাহুতুলে সম্প্রতি আইপিএল ২০২৬ মরশুমে পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি রাজস্থান রয়্যালসের সঙ্গেও দীর্ঘ সময় যুক্ত ছিলেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসে কাজ করার পাশাপাশি ২০২৫ মরশুমেও তিনি সেই ফ্র্যাঞ্চাইজির স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলান।

কোচিং জগতে তাঁর অভিজ্ঞতা দীর্ঘদিনের। কেরল, বাংলা, গুজরাট ও বিদর্ভের মতো একাধিক ঘরোয়া দলের সঙ্গে কাজ করেছেন তিনি। শুধু তাই নয় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাইরাজ। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের আমলে ভারতীয় দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। (Sairaj Bahutule)

শুভমনদের বাসে আগুন ! IPL ফাইনালে হারের পর হোটেলে ফেরার পথে বিপত্তি

১৯৯৭ থেকে ২০০৩ সালের মধ্যে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সাইরাজ। তিনি দেশের হয়ে দুটি টেস্ট এবং আটটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ ছিল না, তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর অবদান এবং কোচিং দক্ষতার কথা মাথায় রেখেই ফের নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে। এই পরিস্থিতিতে বাহুতুলের অভিজ্ঞতা আগামীতে ভারতীয় স্পিন আক্রমণকে আরও কার্যকর করে তুলবে বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।


Exit mobile version