Site icon Hindustan News Point

ফের বিশ্বকাপের মঞ্চে শাকিরা, উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন ‘Dai Dai’

Shakira At WorldCup 2026

ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক নতুন নয়। ২০০৬ সালে ‘Hips Don’t Lie’, ২০১০ সালে কিংবদন্তি ‘Waka Waka (This Time for Africa)’ এবং ২০১৪ সালে ‘La La La’-র মাধ্যমে বিশ্বকাপের আবহে বারবার নিজের ছাপ রেখেছেন কলম্বিয়ার এই বিশ্বখ্যাত পপ তারকা। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপেও ফের কেন্দ্রবিন্দুতে শাকিরা। ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক মেক্সিকো সিটি স্টেডিয়ামে (প্রাক্তন অ্যাজটেকা স্টেডিয়াম) অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শাকিরা। তাঁর সঙ্গে থাকবেন নাইজেরিয়ার জনপ্রিয় গায়ক বার্না বয়। দু’জনে প্রথমবারের মতো মঞ্চে পরিবেশন করবেন ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘Dai Dai’। (Shakira At WorldCup 2026)

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ম্যাচের চার ঘণ্টা আগে। থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যান অ্যাক্টিভেশন, পুরস্কার এবং নানা ধরনের বিনোদনের আয়োজন। তবে শুধু শাকিরা ও বার্না বয় নন, অনুষ্ঠানে দেখা যাবে আন্তর্জাতিক সংগীত জগতের একাধিক তারকাকে। তালিকায় রয়েছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলেস, মানা এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শিল্পী টাইলা। বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের গানগুলিকেই মূলত মঞ্চে তুলে ধরবেন তাঁরা। (Shakira At WorldCup 2026)

বিশেষ তাৎপর্য রয়েছে ‘Dai Dai’ গানটিরও। এটি শুধু বিশ্বকাপের অফিসিয়াল সংগীত নয়, ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের সঙ্গেও যুক্ত। এই প্রকল্পের লক্ষ্য বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ করে দিতে ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা।

এবারের বিশ্বকাপ আয়োজন করছে তিন দেশ—মেক্সিকো, আমেরিকা ও কানাডা। ফিফা জানিয়েছে, তিন দেশেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠান হবে। মেক্সিকোর অনুষ্ঠানটি হবে সেই ধারাবাহিকতার প্রথম পর্ব। এছাড়াও ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের প্রথম হাফটাইম শোতেও পারফর্ম করবেন শাকিরা। সেই মঞ্চে তাঁর সঙ্গে থাকার কথা ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড BTS-এর। ফলে ২০২৬ বিশ্বকাপে মাঠের উত্তেজনার পাশাপাশি সংগীতের মঞ্চও যে সমান আকর্ষণের কেন্দ্র হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত। (Shakira At WorldCup 2026)

ভারত নেই, তবু বিশ্বকাপে থাকবে ভারতীয় ছোঁয়া! নজরে এই ৪ ফুটবলার


Exit mobile version