---Advertisement---
lifezone nursing home

Tilak Varma Injury: T20 বিশ্বকাপের আগে চোটের ধাক্কা টিম ইন্ডিয়ায়

January 8, 2026 10:35 AM
Tilak Varma injury
---Advertisement---

টি–২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। দলের অন্যতম ভরসার ব্যাটার তিলক বর্মা তলপেটের গুরুতর চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছেন (Tilak Varma Injury)। এর ফলে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি–২০ সিরিজে তাঁর খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি বিশ্বকাপের শুরুতেও তিলকের মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

কী হয়েছে তিলক বর্মার?

রিপোর্ট অনুযায়ী, বিজয় হাজারে ট্রফি চলাকালীনই তিলকের তলপেটে চোট লাগে। বুধবার সকালে খাবার খাওয়ার পর হঠাৎ তীব্র ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একাধিক স্ক্যানের পর চিকিৎসকরা জানান, তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এবং অস্ত্রোপচার জরুরি। এরপরই সার্জারি করা হয়। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হতে তিলকের তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।

নিউ জিল্যান্ড সিরিজে না খেলার সম্ভাবনা

এই চোটের কারণে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজে তিলকের খেলা প্রায় নিশ্চিতভাবেই হচ্ছে না। ৩১ জানুয়ারি নাগপুরে শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছিল টিম ইন্ডিয়া, সেখানে তিলকের অনুপস্থিতি দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

বিশ্বকাপ পরিকল্পনায় বাড়ছে দুশ্চিন্তা

আরও বড় প্রশ্ন উঠছে টি–২০ বিশ্বকাপ ঘিরে। ভারতের গ্রুপ পর্বে প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে, এরপর নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ রয়েছে। প্রথম দু’টি ম্যাচ তুলনামূলক সহজ হলেও পাকিস্তানের বিরুদ্ধে তিলক বর্মা খেলতে না পারলে সেটাই টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হবে।

বিকল্প ভাবনায় কে?

তিলক যদি বিশ্বকাপের শুরুতে ফিট না হন, তা হলে দলে ফেরার সুযোগ পেতে পারেন শুভমান গিল, যিনি আগে খারাপ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিলেন। সব মিলিয়ে, বিশ্বকাপের ঠিক আগে তিলকের চোট টিম ইন্ডিয়ার পরিকল্পনায় বড় প্রশ্নচিহ্ন তুলে দিল।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment