---Advertisement---

Usain Bolt: ফুটবলে ব্যর্থ, মোড় ঘোরাতে ক্রিকেটে ফেরার ইচ্ছাপ্রকাশ উসেইন বোল্টের

January 18, 2026 7:26 PM
usain bolt
---Advertisement---

অলিম্পিক্সে আটটি সোনা—স্প্রিন্ট দুনিয়ার অবিসংবাদিত কিংবদন্তি Usain Bolt আবারও অলিম্পিক্সে ফিরতে চান। তবে ট্র্যাকে নয়, একেবারে ভিন্ন খেলায়—ক্রিকেটে। ২০১৬-র পর অলিম্পিক্সে আর দেখা যায়নি বিশ্বের দ্রুততম মানবকে। ২০১৭ সালে অ্যাথলেটিক্স থেকে অবসর নেওয়ার পর ফুটবলে হাত পাকাতে চাইলেও বিশেষ সাফল্য পাননি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রীতি ম্যাচ খেলেছেন, অনুশীলন করেছেন বরুসিয়া ডর্টমুন্ড-এ—তবু ফুটবলার বোল্ট নজর কাড়তে ব্যর্থ। এবার তাঁর নজর ২২ গজে।

বোল্টের কাছে ক্রিকেট নতুন নয়। ছোটবেলায় জোরে বোলার ছিলেন তিনি এবং পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিসের ভক্ত। একসময় ইউনিসের মতো ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন দেখতেন। পরে কোচের পরামর্শে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বেছে নেন—আর সেখানেই ইতিহাস গড়েন। ১০০ ও ২০০ মিটার এবং ৪x১০০ মিটার রিলেতে বিশ্বরেকর্ড আজও তাঁর দখলে।

১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট ফিরছে—২০২৮ লস অ্যাঞ্জেলেসে টি-টোয়েন্টি ফরম্যাটে। পুরুষ ও মহিলা বিভাগে ছ’টি করে দল খেলবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, প্রতিটি অঞ্চল থেকে একটি করে দল সুযোগ পাবে। অলিম্পিক্সে ক্যারিবিয়ান দেশগুলি আলাদা আলাদা ভাবে অংশ নেয়; ফলে আমেরিকা অঞ্চল থেকে জামাইকার সুযোগ জোরালো।

এই প্রেক্ষিতেই বোল্ট স্পষ্ট করেছেন তাঁর ইচ্ছা। তিনি বলেছেন, “জামাইকার হয়ে অলিম্পিক্সে ক্রিকেট খেলার সুযোগ পেলে অবশ্যই সাড়া দেব। স্প্রিন্টিং থেকে অনেক দিন অবসর নিয়েছি—কোনও আক্ষেপ নেই। অনেক দিন ক্রিকেট খেলিনি, তবু ডাক এলে খেলব।” ৩৯ বছর বয়সেও তাঁর আগ্রহ প্রমাণ করে—ছোটবেলার স্বপ্ন পূরণে এখনও প্রস্তুত উসেইন বোল্ট।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment