Site icon Hindustan News Point

মেসিদের তাড়া করছে ‘তিলকারা অভিশাপ’, কী এটি?

Tilcara Curse

ফুটবল শুধু ৯০ মিনিটের লড়াই নয়। এই খেলার সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য বিশ্বাস, কুসংস্কার আর এমন কিছু গল্প, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে। আর্জেন্টিনার (Tilcara Curse) ‘তিলকারা অভিশাপ’ ঠিক তেমনই এক কিংবদন্তি। ২০২৬ বিশ্বকাপের আবহে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ভাইরাল হওয়া একটি পোস্ট সেই পুরনো গল্পকেই আবার ফিরিয়ে এনেছে আলোচনায়।

গল্পের শুরুটা ১৯৮৬ সালে। মেক্সিকো বিশ্বকাপের আগে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে উত্তর আর্জেন্টিনার ছোট্ট শহর তিলকারায় অনুশীলন করছিল দিয়েগো মারাদোনার দল। স্থানীয়দের বিশ্বাস, সেখানকার ভার্জিন অব কোপাকাবানা-র মন্দিরে গিয়ে কয়েকজন ফুটবলার নাকি প্রতিজ্ঞা করেছিলেন—বিশ্বকাপ জিততে পারলে তাঁরা আবার ফিরে এসে কৃতজ্ঞতা জানাবেন। (Tilcara Curse)

তারপর যা ঘটেছিল, তা ফুটবল ইতিহাস। মারাদোনার জাদুতে আর্জেন্টিনা জিতে নেয় ১৯৮৬ বিশ্বকাপ। কিন্তু কিংবদন্তি বলছে, সেই প্রতিশ্রুতি আর রাখা হয়নি।

সেখান থেকেই নাকি শুরু হয় (Tilcara Curse) ‘তিলকারা অভিশাপ’। ১৯৯০ বিশ্বকাপ ফাইনালে হার, ২০১৪-র ফাইনালে জার্মানির কাছে পরাজয়, একের পর এক কোপা আমেরিকার হতাশা—সবকিছুর পেছনে অনেক সমর্থক এই অপূর্ণ প্রতিশ্রুতিকেই দায়ী করতে শুরু করেন। যদিও ভাইরাল পোস্টে একটি বড় ভুলও রয়েছে। কারণ ১৯৮৬-র পর আর্জেন্টিনা ১৯৯১ ও ১৯৯৩ সালে কোপা আমেরিকা জিতেছিল। ফলে পুরো সময়টা ট্রফিহীন ছিল—এমন দাবি সঠিক নয়।

গল্পে আরও একটি মোড় আসে ২০১৮ সালে। দাবি করা হয়, ১৯৮৬ সালের দলের কয়েকজন সদস্য তিলকারায় ফিরে গিয়ে প্রতীকীভাবে ক্ষমা চান। তারপর যেন বদলে যায় ভাগ্য। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জিতে নেয় ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকা। আর তখনই অনেক সমর্থকের মুখে শোনা যায়—(Tilcara Curse) ‘অভিশাপ’ বুঝি সত্যিই কেটে গেছে!

কিন্তু এই গল্পের কতটা সত্যি? সেই প্রশ্নও উঠেছে। এক্স-এ ভাইরাল আলোচনার মাঝেই একজন ব্যবহারকারী গ্রোক AI-কে দিয়ে তথ্য যাচাই করান। গ্রোক জানায়, (Tilcara Curse) তিলকারা অভিশাপ আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবল-লোককাহিনি হলেও এটিকে ঐতিহাসিক সত্য বলা যায় না। আর্জেন্টিনা দল যে তিলকারায় অনুশীলন করেছিল এবং কয়েকজন ফুটবলার মন্দিরে গিয়েছিলেন, তার কিছু ভিত্তি রয়েছে। তবে তৎকালীন কোচ কার্লোস বিলার্দো কোনও আনুষ্ঠানিক প্রতিশ্রুতি বা রহস্যময় চুক্তির কথা অস্বীকার করেছিলেন। ২০১৮ সালের সফরের সঙ্গে পরবর্তী সাফল্যেরও কোনও প্রমাণিত সম্পর্ক নেই।

তবু ফুটবলের সৌন্দর্যই হয়তো এখানেই। সব গল্পের শেষটা পরিসংখ্যান দিয়ে হয় না। কিছু গল্প বেঁচে থাকে বিশ্বাসে, আবেগে আর কল্পনায়। একই মোজা পরে মাঠে নামা, জয়ের ধারায় দাড়ি না কাটা কিংবা ম্যাচের আগে নির্দিষ্ট রীতি মেনে চলা—এসব বিশ্বাস আজও ফুটবলের অঙ্গ। (Tilcara Curse) ‘তিলকারা অভিশাপ’ও তেমনই এক রহস্য, যা সত্য হোক বা নিছক কাকতালীয়—প্রতিবার আর্জেন্টিনা ট্রফি জিতলেই নতুন করে ফিরে আসে ফুটবলপ্রেমীদের আড্ডায়।

বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কারণ জানলে অবাক হবেন


Exit mobile version