ইন্দোরে দূষিত পানীয় জল খেয়ে একাধিক মৃত্যুর ঘটনার জেরে দেশজুড়ে উদ্বেগের আবহ। এমন পরিস্থিতিতেই ইন্দোরে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দল ও নিউ জিল্যান্ড ক্রিকেট দল। রবিবার সিরিজ নির্ধারণী তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তবে পিচের আচরণ বা ম্যাচের কৌশলের পাশাপাশি এই ম্যাচে আলাদা করে নজর কেড়েছে খেলোয়াড়দের পানীয় জল নিয়ে বাড়তি সতর্কতা।
ইন্দোর শহরে সাম্প্রতিক সময়ে দূষিত জল খেয়ে অন্তত আটজনের মৃত্যুর খবর সামনে আসতেই ঝুঁকি নিতে চাননি ভারতীয় ক্রিকেটাররা। এর আগেই জানা গিয়েছিল, অধিনায়ক শুভমান গিল ব্যক্তিগত উদ্যোগে প্রায় তিন লাখ টাকা দামের একটি অত্যাধুনিক ওয়াটার পিউরিফায়ার সঙ্গে নিয়ে গিয়েছেন। হোটেল সূত্রে জানা গিয়েছে, দলের থাকা বিলাসবহুল হোটেলে নিজের ঘরেই সেই মেশিন বসিয়েছেন গিল। সাধারণ প্যাকেজড বা RO জলের থেকেও বেশি পরিশোধন ক্ষমতাসম্পন্ন এই যন্ত্র থেকেই জল পান করছেন তিনি।
শুবমানের পর এ বার একই পথে হাঁটলেন বিরাট কোহলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ঢোকার সময় বিরাট নিজে হাতে জলের বোতল নিয়ে ঢুকছেন। সাধারণত তাঁকে আলাদা করে জল নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় না। কিন্তু ইন্দোরে বর্তমান পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে রাজি নন এই তারকা।
pure bag mai sirf paani ki bottles hai 😭pic.twitter.com/SwzvGAWBo0
— Nush (@kyayaarcheeks) January 17, 2026
বিরাটের ফিটনেস রুটিনে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তিনি সাধারণ জল পান করেন না। ফ্রান্স থেকে আমদানি করা ন্যাচরাল স্প্রিং ওয়াটার বা কখনও অ্যালকালাইন জলই তাঁর পছন্দ। সেই অভ্যাস থেকেই এবার ইন্দোরে নিজের জলের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে চাইছেন তিনি।
যদিও ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি, তবু হোটেল ও স্টেডিয়াম কর্তৃপক্ষের দাবি—খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত নিরাপদ পানীয় জলের ব্যবস্থা রয়েছে। তবুও সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে শুবমান ও বিরাটের এই ব্যক্তিগত সতর্কতা স্পষ্ট করে দিচ্ছে, মাঠের লড়াইয়ের বাইরে স্বাস্থ্য সুরক্ষাকেও কতটা গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির।










