নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার অপেক্ষা মাত্র। পাহাড়ে এখন ভোটের হাওয়া। ভোটের দিনক্ষণ প্রকাশ হতেই পাহাড়ে তিন আসনের প্রার্থীর নাম প্রকাশ করল অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। দার্জিলিং বিধানসভায় অনীতের দল প্রার্থী করেছে বিজয়কুমার রাইকে। এ ছাড়া কালিম্পং শহরে গতবারের বিধায়ক রুদেন সদা লেপচাকে প্রার্থী করা হয়েছে। কার্শিয়াং বিধানসভায় বিজিপিএমের দেওয়া মোমবাতি চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমর লামা। (Anit Thapa)
‘মমতাপন্থী’-বলে পরিচিত অনীতের দল। তবে এবার পাহাড়ে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং থেকে একক ভাবেই লড়াই করবে। উল্লেখ্য বিষয় হল, ২০২১ সালে পাহাড়ের তিনটি আসনের কোনওটিতেই প্রার্থী দেয়নি তৃণমূল কংগ্রেস। প্রকারন্তে তারা বাইরে থেকে সমর্থন করেছিল অনীত থাপার দলকেই। এবারও রাজনৈতিক সমীকরণ সেই দিকেই যাচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে রাজ্য সরকারের সঙ্গে থেকেই অনীত যে পাহাড়ে উন্নয়নের কাজ করছে, তা কার্যত স্পষ্ট। (Anit Thapa)
পাহাড়ে জিটিএ-সহ দার্জিলিং পুরসভা দখলে রয়েছে অনীতের দলের। রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়ের উন্নয়নের কাজ করছে তারা। বিধানসভা নির্বাচন নিয়ে অনেক আগে থেকে অনীতরা প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর। প্রার্থীদের নামও যে তাঁরা তৈরিই রেখেছিলেন, তা রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই পরিষ্কার হল। (Anit Thapa)
প্রার্থী ঘোষণা হতেই ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, ‘আমরা অনেকদিন ধরেই প্রস্তুত ছিলাম। শুধু অপেক্ষা করছিলাম কবে নির্বাচন ঘোষণা হবে। দিন ঘোষণার আগে প্রার্থীর নাম জানানো উচিত নয় বলেই জানায়নি। পাহাড়ের প্রতিটি মানুষ আমাদের সঙ্গে আছে। তাই জয়ের বিষয়ে আমরা নিশ্চিত। আর তৃণমূলের সঙ্গে কথা না হলেও আমরা আশাবাদী তারা আমাদের সঙ্গেই থাকবে। বাকি দল কি করবে তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। নির্বাচনে আমরাই শক্তিশালী।’ (Anit Thapa)
অন্যদিকে,একসময়ে পাহাড়ের একচ্ছত্র আধিপত্য বিস্তার করা গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং এখন দিশেহারা। পাহাড়বাসীকে পৃথক রাজ্যের প্রতিশ্রুতি দিয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন তিনি। এখন অজয় এডওয়ার্ডের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়ে তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছেন গুরুং। যদিও এখনই নির্বাচনে লড়াই বা প্রার্থী নিয়ে কথা বলতে নারাজ দুই তরফই। (Anit Thapa)











