ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবিতে বুধবার সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় আশাকর্মীরা (Asha Worker Protest)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা ট্রেনে বাসে বা গাড়ি ভাড়া করে গন্তব্য সল্টলেকের স্বাস্থ্যভবন। আভিযোগ, মাঝপথেই তাদের বাধা দেয় পুলিশ।
শিয়ালদহ
এদিন শিয়ালদহ স্টেশনে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় আশাকর্মীদের। স্টেশনেই তাঁদের আটকে দেওয়া হয়। সেখান থেকেই তুলতে থাকেন স্লোগান।
হিঙ্গলগঞ্জ
স্বাস্থ্য ভবন অভিযানের যাওয়ার জন্য হিঙ্গলগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা রওনা দেন। অভিযোগ, সেই সময় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তাদের আটকে দেয়। তারপর আশা কর্মীরা হিঙ্গলগঞ্জ থানার সামনে অবস্থান-বিক্ষোভ করেন।

ময়না
পূর্ব মেদিনীপুরের ময়নাতে আশা কর্মীদের বাস আটকে দেওয়ার হয়। দুটি বাস রিজার্ভ করে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন আশা কর্মীরা। তাদের অভিযোগ মাঝ রাস্তায় পুলিশ আটকে দেয়, ড্রাইভার এবং আশা কর্মীদের নামে কেস দেওয়ার ভয় দেখানো হয়। বাস ড্রাইভাররা আশা কর্মীদের নামিয়ে দেন। তারপরেই তমলুক ময়না রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। এমনকি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । অপরদিকেও মেচেদার রেলস্টেশনের আশা কর্মীদের আটকালে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা
মালদহ
আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে প্রায় ৪০ থেকে ৫০ জন আশা কর্মীদের মালদা টাউন জিআরপি পুলিশ যেতে বাধা দেয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে গৌড় এক্সপ্রেসে কলকাতা আসার জন্য মালদা টাউন স্টেশনে আসেন তারা। টিকিট থাকা সত্ত্বেও জিআরপিএফ তাদের ট্রেনে উঠতে বাধা দেয় বলে অভিযোগ।
পাঁশকুড়া
অন্যদিকে পাঁশকুড়া রেল স্টেশনে জিআরপি আশাকর্মীদের আটকে দেয় বলে অভিযোগ।পাঁশকুড়া স্টেশন চত্বরে হয় ধস্তাধস্তি । পুলিশ বেশ কয়েকজন আশাকর্মীকে আটক করে। পরে বিক্ষোভের জেরে ওই মহিলাদের ছেড়ে দেয় পুলিশ। পুলিশি হয়রানির প্রতিবাদে মেছেদা বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখান আশা কর্মীরা।
আসানসোল
পশ্চিম বর্ধমান জেলাতেও আশা কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিন ভোরে আশা কর্মীরা বাসে কলকাতায় আসছিলেন। সেই সময় বারাবনি থানার পুলিশ লালগঞ্জ এরিয়া থেকে বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়। আশা কর্মীদের অভিযোগ, তাদের কেন আটকানো হয় সে বিষয়ে পুলিশ কিছুই জানায়নি।











